২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যায় ৪ জন আটক

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে প্রাইভেট কার আটকে ‘বিএনপিপন্থি’ ব্যবসায়ী আবদুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

বুধবার দিনভর রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটকের কথা বলছে পুলিশ।

হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।

তবে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চারজনের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে শহরে ফেরার সময় আবদুল হাকিমের প্রাইভেট কার আটকে তাকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে হাকিমের গাড়ি চালক ইসমাইলও আহত হন। 

আবদুল হাকিমকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “নিহত ব্যবসায়ীর শরীরে ১০টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।”

আরও পড়ুন-

চট্টগ্রামে গাড়ি আটকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা