চট্টগ্রাম নগরে টাইফয়েডের টিকা পাবে ৮ লাখ ২৯ হাজার শিশু
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
চট্টগ্রাম নগরীতে ৮ লাখ ২৯ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) পাবলিক লাইব্রেরি মিলনায়তনে টাইফয়েড টিকাদান কর্মসূচির অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলনে মেয়র এই তথ্য জানান।
সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ১২ অক্টোবর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। স্কুল পর্যায়ে টিকাদান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এছাড়া কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর টাইফয়েডের টিকা দেওয়া হবে।
মেয়র বলেন, নগরীর ১৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইটে মোট ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন এবং স্কুল বহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন।
শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস (২৭০ দিন) বয়সী থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১ মাস ২৯ দিন) বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে।
শাহাদাত হোসেন জানান, এ টিকা নিতে ৬ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ২ লাখ ৮ হাজার ২৬৭ জন। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ১ লাখ ৬০ হাজার ১৪৮ জন (৩০ শতাংশ) এবং কমিউনিটি পর্যায়ে ৪৮ হাজার ১১৯ জন (১৬ শতাংশ)।
১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে vaxepi অ্যাপে এ নিবন্ধনের কাজ চলছে। পাশাপাশি ওয়েবসাইটে www.vaxepi.gov.bd গিয়ে টিকার জন্য নিবন্ধন করা যাবে।
সংবাদ সম্মেলনে মেয়র শাহাদাত হোসেন বলেন, “ব্যক্তিগতভাবে কিনে এই ভ্যাকসিন দিতে গেলে চৌদ্দশ টাকা খরচ হয়। কিন্তু আমরা শিশুদের এই ভ্যাকসিন বিনামূল্যে দিচ্ছি। টাইফয়েড প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ।
“তাই নগরের প্রতিটি শিশু যেন বিনামূল্যে এই টিকা গ্রহণ করে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। আমরা চাই, চট্টগ্রাম নগরী হোক টাইফয়েডমুক্ত নিরাপদ নগরী।”
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, সিসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কো-অর্ডিনেটর ডা. ইমন প্রু মারমা, ডা. সরোয়ার আলম, ডা. হোসনে আরা. ডা. তপন কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।
