চট্টগ্রামে থানায় সাংবাদিককে ‘মারধরের’ অভিযোগ সিএমপির ডিসির বিরুদ্ধে
এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিকদের দুটি সংগঠন নিন্দা জানিয়েছে।
সংবাদ সংগ্রহের জন্য খুলশী থানায় গিয়ে একজন সাংবাদিক চট্টগ্রাম মহানগর পুলিশ-সিএমপির এক উপ-কমিশনারের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
জোবায়েদ ইবনে শাহাদাত নামের এই সাংবাদিক যমুনা টেলিভিশনের চট্টগ্রাম অফিসের প্রতিবেদক।
তিনি রোববার সকালে খুলশী থানায় সংবাদ সংগ্রহ এবং নিজের খোয়া যাওয়া মানিব্যাগ ও আইডি কার্ডের জন্য সাধারণ ডায়েরি করতে গিয়েছিলেন।
জোবায়েদের ওপর ‘হামলার’ ঘটনায় নিন্দা জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিকদের দুটি সংগঠন।
জোবায়েদ বলেন, শনিবার রাতে জিইসির মোড়ে গানের অনুষ্ঠানে সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে তার মানিব্যাগ, টাকা ও ব্যাংকের কার্ড হারানো যায়। এ ঘটনায় খুলশী থানায় তিনি জিডি করতে গিয়েছিলাম। জিইসি মোড়ের সংঘর্ষের ঘটনায় যারা থানায় আটক আছেন, তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছিলেন।
তিনি বলেন, “এসময় পুলিশ সদস্যরা আমার কাজে বাধা দেন এবং উপস্থিত নগর পুলিশের উপ-কমিশনার আমীরুল ইসলাম আমাকে বলেন, ‘তুই এখানে কি করিস, অনুমতি নিছোস?’ তখন আমি জানতে চাইলাম আপনি এমন ব্যবহার করছেন কেন? এটা বলার সঙ্গে সঙ্গে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারধর করেন।”
পুলিশ সদস্যরা তাকে বেশ কয়েকবার লাথি ও চোখে-মুখে আঘাত দিয়েছেন দাবি করে জোবায়েদ বলেন, “ওই পুলিশ কর্মকর্তা আমাকে মেরে বলছেন, তুই ফ্যাসিস্ট। তোকে মারিনি। আমি শয়তান মেরেছি।”
এ বিষয়ে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন সাংবাদিক জিডি করার জন্য থানায় এসেছিলেন। ওইসময় আমি নিজে থানায় ওসির কক্ষে বসা ছিলাম। তিনি জিডির বিষয়ে কথা না বলে থানা কম্পাউন্ডে কোনো অনুমতি ছাড়া ভিডিও শুরু করে দেন।
“ওনাকে কী করছেন, জিজ্ঞেস করলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং অনুমতি কেন নিতে হবে প্রশ্ন করেন। খারাপ আচরণও করেন।”
ওই সাংবাদিককে ‘মারধরের’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, বিষয়টি ‘ঠিক নয়’।
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ।
পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক।
