২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে সব দেশে পণ্যের দাম কমে, বাংলাদেশে বাড়ে: তথ্যমন্ত্রী

উৎসবের সময় ব্যবসায়ীদের পণ্যের দাম কমানোর ‘মানসিকতা রাখতে’ বলেছেন হাছান মাহমুদ।

উৎসবে সব দেশে পণ্যের দাম কমে, বাংলাদেশে বাড়ে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বৃহস্পতিবার মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 10:55 PM

Updated : 16 Feb 2023, 10:55 PM

গত ১৪ বছরে ব্যবসায় ‘ব্যাপক সমৃদ্ধি’ এলেও কোনো উৎসবের সময় দেশে পণ্যের দাম কমানোর সংস্কৃতি তৈরি না হওয়ায় আক্ষেপ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার চট্টগ্রাম বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “পৃথিবীর সব দেশে দেখতে পাই যখন পূজা পার্বন-উৎসব হয় তখন পণ্যের দাম কমে। আমাদের দেশে যখন উৎসব হয় তখন পণ্যের দাম বাড়ে।

এ সময় তিনি বলেন, “যখন আমাদের কোনো উৎসব হবে, সেটি ঈদ-রোজা-পূজা যেটিই হোক- তখন পণ্যের দাম কমানোর মানসিকতা যেন ব্যবসায়ীরা রাখেন।”

‘মজুদদারদের’ বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলোকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এফবিসিসিআই ও বণিক সমিতি ব্যবসায়ীদের ডেকে পণ্যের দাম কমাতে উৎসাহিত করতে পারে। প্রয়োজনে পুরস্কৃত করতে পারে।

তথ্যমন্ত্রী বলেন, “গত ১৪ বছর ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করেছে এবং সব ব্যবসায়ীর সমৃদ্ধি হয়েছে। দেশের সমৃদ্ধির সাথে সাথে প্রত্যেকটি ব্যবসায়ীর সমৃদ্ধি এসেছে। আপনারা যদি নিজের কাছে প্রশ্ন করেন ১৪ বছর আগে আপনার ব্যবসার কী ব্যাপ্তি ছিল, আর এখন ব্যাপ্তি কোথায়?”

বিভিন্ন সূচকে দেশের অগ্রগতির বিষয়গুলো তুলে ধরে হাছান মাহমুদ বলেন, “আমাদের জিডিপির আকার ছিল ৮০ বিলিয়ন ডলার। আজকে সেটি পৌনে ৫০০ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার, সেটি ২৮০০ ডলারের উপরে গিয়ে দাঁড়িয়েছে।

“করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২১ সালে আইএমএফের প্রাক্কলন অনুযায়ী আমরা মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়েছি। মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক সূচক, সামাজিক সূচক ও স্বাস্থ্য সূচকসহ সব সূচকে অন্তত সাত বছর আগে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি।”

এ সময় দেশের ও ব্যবসায়ীদের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার সরকারকে আরও শক্তিশালী করতে বলেন মন্ত্রী।

তিনি বলেন, “নিরবচ্ছিন্নভাবে দেশের সমৃদ্ধির সাথে যে ব্যবসা-বাণিজ্যেরও সমৃদ্ধি আসছে সেটি যদি অব্যাহত রাখতে হয়, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অন্যথায় আমরা দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে পারব না।”

মাসব্যাপী মেলার উদ্বোধন

এদিন নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম চেম্বার আয়োজিত বাণিজ্য মেলার ৩০তম আসর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা ২০ টাকার টিকেট কিনে মেলায় প্রবেশ করতে পারবেন।

রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গায় মেলা হচ্ছে। এতে ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগাস্টল, ১১টি ফুডস্টল এবং তিনটি আলাদা জোন নিয়ে মোট ৪০০ স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে।

অন্যান্য বছরের মতো এবারও দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী তাদের পণ্য প্রচারে প্যাভিলিয়ন সাজিয়ে প্রদর্শন ও বিক্রি করবেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, মেলা কমিটির চেয়ারম্যান একেএম আক্তার হোসেন বক্তব্য দেন।