‘স্বাধীনতা পদক’ ও ‘সাহিত্য সম্মাননা’ দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন
স্বাধীনতা বইমেলা চট্টগ্রামের সমাপনী অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা প্রদান করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন পক্ষ থেকে স্বাধীনতা পদক-২০২৬ ও সাহিত্য সম্মাননা পদক-২০২৬ দেওয়া হবে শনিবার।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে ওইদিন বিকেলে স্বাধীনতা বইমেলা চট্টগ্রামের সমাপনী অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা প্রদান করা হবে।
এবার স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীত হয়েছেন আটজন এবং তিনটি প্রতিষ্ঠান। আর সাহিত্য সম্মাননার জন্য পাঁচজন মনোনীত হয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য মনোনীতরা হলেন- স্বাধীনতা আন্দোলনে প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মো. একরামুল করিম, শিক্ষায় চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসায় এম এ ফয়েজ ও সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী।
এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় রেড ক্রিসেন্ট, স্বাস্থ্যসেবায় মা ও শিশু হাসপাতাল, সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতার পদক পাচ্ছেন।
চলতি বছর সাহিত্য সম্মাননা পদকের জন্য মনোনীতরা হলেন- গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব।
শনিবার বিকেলে জিমনেসিয়াম চত্বরে বই মেলার অনুষ্ঠান মঞ্চে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত থাকার কথা রয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান উপস্থিত থাকবেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় প্রতি বছর বইমেলার আয়োজন করা হয়।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাসের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চের শেষে শুরু হয় বইমেলা।
