২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় সংস্কার কমিশন’ গঠনের দাবি চট্টগ্রামের পেশাজীবীদের

বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতারা শনিবার সংবাদ সম্মেলনে এসে এই দাবি তুলে ধরেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 10:41 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

‘জাতীয় সংস্কার কমিশন’ গঠন করে এর সুপারিশমালার আলোকে সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনসহ সর্বস্তরে মৌলিক সংস্কারের পদক্ষেপ নিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান রেখেছে চট্টগ্রামের পেশাজীবীরা। 

শনিবার দুপুরে নগরীর দামপাড়া এলাকায় বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতারা সংবাদ সম্মেলনে এসে এই দাবি তুলে ধরেন।

সেখানে লিখিত বক্তব্যে পরিষদের সদস্য ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অর্ন্তবর্তী সরকারের সঙ্গে শুধু বিপ্লবী ছাত্র সমাজ নয়, পুরো দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি আর সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। 

সংবাদ সম্মেলনে সাতটি প্রস্তাব তুলে ধরেন এই পেশাজীবী নেতা। 

‘জাতীয় সংস্কার কমিশন’ গঠন করে তার সুপারিশনামার আলোকে সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনসহ সর্বস্তরে একটি মৌলক সংস্কারের পদক্ষেপ গ্রহণ চট্টগ্রামের পেশাজীবীদের প্রথম প্রস্তাব।

দ্বিতীয় প্রস্তাবে তারা গত ১৫ বছর ধরে গুম, খুনে জড়িতদের এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী গণহত্যার পরিকল্পনাকারী, আদেশদাতা ও হত্যায় প্রত্যক্ষভাবে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা বলেছেন।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে গত ১৫ বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা জেল-জুলুম ও চাকরিচ্যুত হয়েছে তাদের সসম্মানে পুনর্বহাল ও ক্ষতিপূরণ দেওয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের আর্থিক দায়িত্ব রাষ্ট্র কর্তৃক গ্রহণ, ব্যাংক খাতে লুটপাটকারী ও অর্থ পাচারকারী রাজনীতিবিদ, আমলা ও শেখ হাসিনার সহযোগী ব্যবসায়ীদের শাস্তি নিশ্চিত, সম্পদ বাজেয়াপ্ত করা ও পাচার হওয়া টাকা ফেরত আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, “অর্ন্তবর্তী সরকারের কাছে দাবি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের ভাতার ব্যবস্থা যেন করা হয়। 

“বিচার বিভাগের সংস্কার দরকার। সর্বক্ষেত্রে সংস্কার দরকার। সকল মানুষের জন্য সাম্য ও ন্যায়ের ব্যবস্থা করা হোক।” 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নসরুল কদির, আইনজীবী এনামুল হক ও মফিজুল হক ভুঁইয়া, জানে আলম চৌধুরী ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।