সড়কের পাশে পড়েছিল লাশটি
মৃত ব্যক্তি চট্টগ্রাম ইপিজেডের গার্মেন্ট কর্মী ছিলেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
পটিয়া পৌরসভার গিরিশ চৌধুরী বাজার এলাকায় ময়লার স্তূপের পাশ থেকে বৃহস্পতিবার গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত উজ্জ্বল সেন (৩০) উপজেলার খরনা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
“তার মাথার পেছনে জখম আছে। কীভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সেটা নিশ্চিত হওয়া যাবে।”
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, উজ্জ্বল চাকরির কারণে শহরে থাকতেন। প্রতি বৃহস্পতিবার তিনি পটিয়ায় নিজের বাড়ি যেতেন। এদিনও তার যাওয়ার কথা ছিল।
এ ঘটনায় উজ্জ্বলের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানান পরিদর্শক রাশেদ।
