টিসিবির জন্য আনা ২০০ টন পেঁয়াজ পচে দুর্গন্ধ
এসব পেঁয়াজের জন্য টিসিবির আর্থিক ক্ষতি হবে না বলে দাবি করেছেন সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের প্রধান।
চট্টগ্রাম বন্দরে খালাসে ‘বিলম্ব’ হওয়ায় টিসিবির জন্য আনা প্রায় ২০০ টন পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।
চট্টগ্রাম ইপিজেড সংলগ্ন টিসিবি কার্যালয়ের পুকুর পাড়ে ফেলে রাখা এসব পচা পেঁয়াজের দুর্গন্ধ লোকালয়ে ছড়াচ্ছে বলে অভিযোগ আশপাশের বাসিন্দাদের।
স্থানীয় ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিসিবির ভেতরে বিশাল জায়গা আছে। তাদের জায়গায় ফেলা এসব পেঁয়াজের দুর্গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা আমাকে জানিয়েছে।
“টিসিবি দ্রুত সময়ের মধ্যে এসব পচা পেঁয়াজ অপসারণের বিষয়ে ব্যবস্থা নেবে বলে আশা করছি।”
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কার্যনির্বাহী জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুরস্কের একটি প্রতিষ্ঠানের সাথে পাঁচ হাজার টন পেঁয়াজ আমদানির চুক্তি হয়েছিল তাদের। তার মধ্যে এখন পর্যন্ত আসা দুই হাজার ৮০০ টন পেঁয়াজ বন্দর থেকে খালাস করা হয়েছে।
“খালাস করা এসব পেঁয়াজের মধ্যে প্রায় ২০০ টন পেঁয়াজ নষ্ট পড়েছে। বাকি পেঁয়াজগুলো বিক্রির জন্য ডিলারদের বিতরণ করা হয়ে গেছে।”
টিসিবির চট্টগ্রাম কার্যালয়ের প্রধান জামাল উদ্দিনের ভাষ্য, সরবরাহকারী প্রতিষ্ঠান শিপিং ডকুমেন্ট দেরিতে পাঠানোর কারণে এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করতে দেরি হয়েছে। সে কারণে পেঁয়াজগুলো পচে গেছে।
তবে এসব পেঁয়াজের জন্য টিসিবির আর্থিক ক্ষতি হবে না দাবি করে তিনি বলেন, “তাদের (সরবরাহকারী) সাথে আমাদের চুক্তি ছিল গুদামে যেসব ভালো পেঁয়াজ গ্রহণ করব, সে পরিমাণ অর্থ তারা পাবে।
“পেঁয়াজগুলো খালাস করার পর আমদানিকারকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারাই পচা পেয়াজগুলো বাছাই করে ফেলে দিয়েছে, আমরা শুধু জায়গা দিয়েছি।”
পচা পেঁয়াজগুলো শুক্রবার রাতের মধ্যেই মাটিতে পুঁতে ফেলা হবে জানান তিনি।
