চট্টগ্রামে সড়কে ৫ মৃত্যু: সড়কের পাশে রাখা কভার্ড ভ্যানই কাল হল
অন্য গাড়িকে জায়গা দিতে গিয়ে পিকআপটি একপাশে চলে আসে, তখন দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়, বলছে পুলিশ।
চট্টগ্রামের সিটি গেইট সংলগ্ন কালীর হাট এলাকায় মহাসড়কের পাশে রাতে কভার্ড ভ্যান রেখে চলে যান চালক ও তার সহকারী, ভোরে সেই পথে দ্রুত গতিতে চলা একটি পিকআপ তাতে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাণহানি ঘটে পাঁচজনের।
সোমবার ভোরের এ ঘটনায় পুলিশ বলছে, পিকআপটিতে ছিলেন জেলে পাড়ার মাছ ব্যবসায়ীরা। পাইকারিতে সবার আগে মাছ কিনতে ভোরে তারা পিকআপ নিয়ে দ্রুতগতিতে ছুটছিলেন। কিন্তু অবৈধভাবে সড়কের পাশে রাখা কভার্ড ভ্যানটির কারণে তারা দুর্ঘটনায় পড়েন।
পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সামনের সিটে থাকা চালকসহ তিনজন নিহত হন। আর পেছনে থাকা ছয়জনের মধ্যে দুজন নিহত হন। আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর নগরীর আকবর শাহ থানায় কভার্ড ভ্যানের চালক ও সহকারীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলের একটু আগে সড়কে একটি টার্নিং আছে। সেটি পেরিয়ে এলেই মেঘনা গ্রুপের গোডাউন। সেখানে একটি কভার্ড ভ্যান রাস্তার পাশে রাখা ছিল।
“ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৪টার দিকে। মেঘলা আবহাওয়ার কারণে তখন কিছুটা ‘ফগি’ (কুয়াশাচ্ছন্ন) ছিল। ঘটনাস্থলে সড়ক কিছুটা সরু। কভার্ড ভ্যান সেখানে থাকার কথা নয়। গোডাউনের ভিতরে থাকার কথা। কিন্তু চালক ও সহকারী রাস্তার পাশে গাড়ি রেখে চলে যায়। তারা পার্কিং লাইটও জ্বেলে রেখে যায়নি।”
পুলিশে এ কর্মকর্তা বলেন, “ভোরে মাছ ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে কার আগে কে ফিশারিঘাটে গিয়ে ভালো মাছ কিনবে। তাই গাড়ি দ্রুত গতিতে চলছিল।
“পাশের অন্য কোনো গাড়িকে সাইড দিতে গিয়ে পিকআপটি একপাশে চলে আসে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পিছনে গিয়ে ধাক্কা দেয়। পিকআপ ভ্যানটি কভার্ড ভ্যানের নিচে ঢুকে গিয়েছিল।”
কভার্ড ভ্যানের চালক ও সহকারীকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় মেঘনা গ্রুপের এজিএম নিয়াজ মোহাম্মদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এখানে রাস্তার পাশে গাড়ি পার্কিং অবৈধ। আমাদের নির্দেশনা আছে এখানে গাড়ি না রাখার বিষয়ে। সচরাচর গাড়ি রাখে না। কিন্তু ওই গাড়ির চালক রাতে এসে আমাদের অগোচরে রাস্তার পাশে রেখে যায়।”
এ ঘটনায় নিহতদের সুরতহাল শেষে লাশ পরিবারের হস্তান্তরের কথা জানিয়েছেন আকবর শাহ থানার এসআই সাজ্জাদ হোসেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি বলে জানান তিনি।
জেলেপাড়ায় শোক
সিটি গেইট এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সীতাকুণ্ড উপজেলার ৩ নম্বর উত্তর ছলিমপুর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা রনি দাস (২৫), আকাশ দাস (২৬) ও অজিত দাস (২৪), উপজেলার বার আউলিয়া এলাকার বাসিন্দা জুয়েল দাশ (১৮) এবং ভাটিয়ারি এলাকার বাসিন্দা গাড়িচালক মো. সোহাগ (৩২)।
তারা নগরীর ফিশারিঘাট এলাকা থেকে পাইকারিতে মাছ কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করেন। ভোরে মাছ কিনতে তারা ফিশারিঘাটের দিকেই যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার খবরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান স্বজনরা। জেলেপাড়ায় শুরু হয় আহাজারি।
চট্টগ্রাম মেডিকেলে বিলাপ করছিলেন নিহত অজিত দাসের স্ত্রী টকি রানি দাস। তাদের দুই মেয়ে ও এক ছেলে। ছোট মেয়েটির বয়স দুই বছর।
টকি রানি দাস বলেন, “ছোট মেয়েটা বাবা ছাড়া কিছু বোঝে না। সে ঘুম থেকে উঠেই বাবাকে খুঁজতেছে। ছেলেমেয়েদের নিয়ে আমি কীভাবে বাঁচব, কীভাবে চলব?”
রনি দাসের মা রাজবালা দাস বলেন, “গতকাল রাতে মাছ ধরার কথা বলে ঘর থেকে বের হয়েছিল ছেলে।“
রনি দাসের স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানান তিনি।
নিহত জুয়েল দাসের বাবা গোপন দাস বলেন, “রোববার মনসা পূজা থাকায় সারাদিন বন্ধুদের সঙ্গে ছিল জুয়েল। সন্ধ্যায় ঘরে এসে আবার বের হচ্ছিল। তাকে রাতে তাড়াতাড়ি ঘরে আসতে বলেছিলাম। রাতে আর ফেরেনি। সকালে শুনলাম, ছেলে আমার বেঁচে নেই।”
জেলেপাড়ার বাসিন্দারা বলছেন, নিহতদের সবার পরিবারই অসচ্ছল। নিয়মিত ভোরে মাছ কিনতে তারা ফিশারিঘাটে যেতেন। সেখান থেকে মাছ কিনে সকালে ফৌজদারহাট বাজার ও অন্যান্য বাজারে বিক্রি করে সংসার চালাতেন।
আরও পড়ুন-
