১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের সড়কে ঝরে গেল ৫ প্রাণ

পুলিশ বলছে, পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা মারে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 09:50 AM

Updated : 26 Aug 2026, 01:36 PM

চট্টগ্রামের সিটি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজনের প্রাণ গেছে।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেইটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আকবর শাহ থানার এসআই সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপটি সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে চট্টগ্রাম শহরে আসছিল। সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা মারে।

তাতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন জানিয়ে তিনি বলেন, আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, ঘটনার খবর পেয়ে তাদের আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহতরা হলেন, রনি দাশ (২৫), আকাশ দাশ (২৬), অজিত দাশ (২৪), জুয়েল দাশ (১৮) ও মোহাম্মদ সোহাগ (৩২)।

তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন, সবার বাড়ি সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায়।

পুলিশ বলছে, ওই পিকআপের যাত্রীরা সবাই পেশায় মাছ বিক্রেতা। তারা মাছ কেনার জন্য সীতাকুণ্ড থেকে পিকআপে করে চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় যাচ্ছিলেন।