২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণীর লাশ: ‘প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়’ ভবন থেকে ফেলে হত্যা

পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সময় রীতা ও রহমানের পরিচয় হয়।

চট্টগ্রামে তরুণীর লাশ: ‘প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায়’ ভবন থেকে ফেলে হত্যা
গ্রেপ্তার আবদুর রহমান শেখ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 08:09 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

চট্টগ্রামে ইউএসটিসি হাসপাতাল এলাকা থেকে দুই দিন আগে যে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছিল, তাকে ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। 

সোমবার ওই তরুণীর সাবেক এক সহকর্মীকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ‘প্রেমের প্রস্তাবে’ সাড়া না দেওয়ায় রীতা আক্তারকে খুন করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার আবদুর রহমান শেখ।

২১ বছর বয়সী রহমানের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ভাটখালী এলাকায়। চাকরির সুবাদে তিনি চট্টগ্রাম নগরীর ফয়’স লেক এলাকায় থাকেন।  

খুলশী খানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করার সময় রীতা ও রহমানের পরিচয় হয়। কয়েক মাস আগে ওই কারখানা থেকে রহমানের চাকরি চলে যায়।

“রহমান বিভিন্ন সময়ে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। রহমান শনিবার রাতে গুরুত্বপূর্ণ কথা বলবে বলে রীতাকে ইউএসটিসি হাসপাতালের জরুরি বিভাগের কাছে পাঁচ তলা একটি ভবনে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে রহমান ধাক্কা দিয়ে রীতাকে নিচে ফেলে দেয়। তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ওসি বলেন, হত্যাকাণ্ডের পর আবদুর রহমান পালিয়ে চট্টগ্রাম খেকে ফেনী চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে আসা হয়।