২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিডনি চুরি’র অভিযোগে চিকিৎসক পরিবারের বিরুদ্ধে মামলা

সিঙ্গাপুরে নেওয়ার পর শরীর থেকে ‘টিস্যু নেওয়ার কথা বলে’ একটি কিডনি নেওয়ার অভিযোগ করেছেন বাদী।

‘কিডনি চুরি’র অভিযোগে চিকিৎসক পরিবারের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে পরীর পাহাড়ে অবস্থিত আদালত ভবন

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 09:56 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির শরীর থেকে কিডনি চুরির অভিযোগে চট্টগ্রাম আই ইনফারমারির (পাহাড়তলী চক্ষু হাসপাতাল) অন্যতম প্রতিষ্ঠাতা রবিউল হোসেন ও তার স্ত্রী-পুত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

চট্টগ্রাম মহানগর হাকিম নুসরাত জাহান জিনিয়ার আদালতে রোববার ৪৪ বছর বয়েসী মো. আবু বক্কর এ মামলা করেন, যিনি বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী হোসেন মিস্ত্রি বাড়ির বাসিন্দা।

মামলায় চিকিৎসক রবিউল হোসেন, তার ছেলে ডা. রাজিব হোসেন ও স্ত্রী খালেদা বেগমকে আসামি করা হয়েছে।

মামলাটি গ্রহণ করে আদালত চট্টগ্রাম পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে বাদীর আইনজীবী মো. আনোয়ার হোসেন জানিয়েছেন।

অন্যদিকে রাজিব দাবি করেছেন, আবু বকর ৫ লাখ টাকার বিনিময়ে তার বাবাকে কিডনি দিতে রাজি হন। তার সম্মতির ভিত্তিতেই সিঙ্গাপুরে অস্ত্রোপচার হয়।

এজাহারে বলা হয়, ২০১২ সালে রবিউল হোসেনের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যেতে একজন সহযোগীর প্রয়োজন পড়ে। তখন রবিউলের ছেলে রাজিব মামলার বাদীকে প্রস্তাব দিলে তিনি রাজি হন এবং ওই বছরের ১০ মার্চ সিঙ্গাপুরে যান।

“চিকিৎসার এক পর্যায়ে রবিউলের সুস্থতার জন্য ‘টিস্যু প্রয়োজন’ জানালে আবু বক্কর তা দিতে রাজি হন। একই বছরের ৩ এপ্রিল আবু বক্করের অস্ত্রোপচার হয় এবং পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়।”

বাদীর অভিযোগ, “চিকিৎসায় সহায়তার কৃতজ্ঞতাস্বরূপ তাকে আই ইনফারমারিতে চাকরি দেওয়া হয়। কিন্তু ২০১৭ সালে তাকে শারীরিকভাবে অক্ষম দেখিয়ে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।”

আইনজীবী আনোয়ার হোসেন বলেন, আবু বক্কর ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়লে চলতি বছরের ২১ মে নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করেন। এরপর জানতে পারেন, তার একটি কিডনি নেই। সার্জারির মাধ্যমে সেটি কেটে নেওয়া হয়েছে।

“বাদীর কাছ থেকে টিস্যু নেওয়ার কথা বলে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কিডনি নিয়ে বিশ্বাসঘাতকতা করে ডা. রবিউল হোসেনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে বলে আদালতে অভিযোগ করা হয়েছে। রবিউল হোসেনের কাছে এ বিষয়ে অভিযোগ করতে গেলে কোনো কথা বলতে চাননি এবং ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে এক সপ্তাহের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা দেননি।”

এজাহারে অভিযোগ করা হয়, “বিভিন্ন সময়ে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা না দিয়ে গত ১৩ জুন আই ইনফারমারির স্টাফ কোয়াটারে বাদীকে গালিগালাজ করে টাকা দিতে অস্বীকৃতি জানানো হয়।”

পরে থানা পুলিশের পরামর্শে আদালতের দ্বারস্থ হন বলে আবু বক্কর এজাহারে বলেছেন।

মামলার বিষয়ে ডা. রবিউলের ছেলে রাজিব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”আমার বাবার চিকিৎসার জন্য কিডনি চেয়ে ২০১২ সালে দৈনিক আজাদী পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেটি দেখে ৬-৭ জন যোগাযোগ করে এবং আবু বক্করের সাথে চুক্তি হওয়ার পর তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। 

”টিস্যু মেলার পর কিডনি প্রতিস্থাপন করা হয়। চুক্তি বা সম্মতিপত্র না থাকলে সেখানে কিডনি প্রতিস্থাপন করা হয় না। চুক্তি অনুযায়ী আবু বক্করকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছিল। দেশে ফেরার পর কৃতজ্ঞতাস্বরূপ তাকে আই ইনফারমারিতে চাকরিও দেওয়া হয়েছিল।” 

পরে তাকে আরও দুই লাখ দেওয়ার দাবি করে রাজীব বলেন, রোগীর অর্থ আত্মসাতের অভিযোগে পরে তার চাকরি চলে যায়। এর ‘প্রতিদান স্বরূপ’ তিনি মামলা করেছেন। 

রাজিব বলেন, তার বাবার চিকিৎসার জন্য তারা বিদেশে অবস্থান করছেন।