২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি নেজামকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

জড়িতদের বিচার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2025, 09:17 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে হেনস্থার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার স্বেচ্ছাসেবক দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বেলায়েত হোসেন বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালের (সোমবার) ঘটনায় আমরা তদন্ত করে শহীদুল ইসলামের সম্পৃক্ততা পেয়েছি। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছে।” 

এদিকে নেজাম উদ্দিনকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। 

মঙ্গলবার অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়, “নেজাম উদ্দিন সোমবার পাঁচলাইশ এলাকায় তার সন্তানকে স্কুল থেকে আনতে যান। পাঁচলাইশ পাসপোর্ট কার্যালয়ের সামনে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলামসহ স্থানীয় কিছু বিক্ষুব্ধ জনতা প্রকাশ্যে ফেইসবুক লাইভে গিয়ে সন্তানের সামনে নেজাম উদ্দিনকে মারধর করে।

“নেজাম উদ্দিনের শার্টের কলার ধরে টেনেহিঁচড়ে ছিড়ে ফেলা এবং কিল-ঘুসি মারার ঘটনায় পুলিশ বাহিনীর মনে গভীর সমবেদনা তৈরি হয়েছে। একজন পুলিশ অফিসারকে এভাবে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধর করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়া দণ্ডনীয় এবং ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য।”

আরও পড়ুন

কোতোয়ালির সাবেক ওসিকে বিএনপিকর্মীদের হেনস্তা, পরে থানায় বিক্ষোভ