২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কোতোয়ালির সাবেক ওসিকে বিএনপিকর্মীদের হেনস্তা, পরে থানায় বিক্ষোভ

নেজাম উদ্দিন ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2025, 06:29 PM

Updated : 26 Aug 2026, 11:32 AM

চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে বিএনপিকর্মীরা হেনস্তা করার পর তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন একটি স্কুলের সামনে নেজাম উদ্দিনকে দেখার পর স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা তার ওপর চড়াও হন। 

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনাকে ওই এলাকা থেকে পুলিশ থানায় নিয়ে এসেছে। উনি এখন আমাদের হেফাজতে আছেন।” 

থানায় নিয়ে আসার পর স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান এবং পুলিশ কর্মকর্তা নেজামকে গ্রেপ্তারের দাবি জানান। 

বর্তমানে কুমিল্লা জেলা সিআইডিতে পরিদর্শক হিসেবে কর্মরত নেজাম উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে চট্টগ্রামের কোতোয়ালি ছাড়াও সদরঘাট, বাকলিয়া থানায় ওসির দায়িত্ব পালন করেন। 

সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর তিনি পটিয়া থানার ওসির হিসেবে যোগ দিয়েছিলেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর আপত্তির কারণে তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল। 

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাবেক ওসি নেজামকে পাঁচলাইশ এলাকায় কিছু লোক হেনস্তা করেছে। তাকে আমরা উদ্ধার করে হেফাজতে নিয়ে এসেছি। শুনেছি তিনি পাঁচলাইশে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন।” 

এদিকে পুলিশ কর্মকর্তা নেজামকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে উল্লেখ করে ঘিরে ধরা নেতাকর্মীরা বলছিলেন, গত ১৫ বছর তাদের এবং তাদের নেতা ‘শাহাদাত ভাইকে’ কষ্ট দিয়েছেন তিনি। এসময় টানাহেঁচড়ায় নেজামের শার্ট ছিঁড়ে যায়। 

এছাড়া চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল আলমকে দলীয় নেতাকর্মীদের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে জড়ো হওয়ার আহ্বান জানাতেও দেখা গেছে ভিডিওতে। 

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির কারও বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।