অটো রিকশা ছিনতাই: চট্টগ্রামে দুই আসামির ৫ বছরের সাজা
চালককে জিম্মি করে অটো রিকশা ছিনতাইয়ের সময় তারা জনতার হাতে ধরা পড়ে।
এক যুগ আগে চট্টগ্রামের বায়েজিদে অটো রিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে পাঁচ বছর করে সাজা দিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত দায়রা জজ শরিফুল ইসলাম ভুইয়া মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: মো. জনি ও মো. আরিফ। রায় ঘোষণার পর তাদের আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি মো. আবু জাফর জানান, আদালত দুইজনকে পাঁচ বছর করে কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। জরিমানার টাকা না দিলে আরও ছয় মাসের সাজা ভোগ করতে হবে তাদের।
মামলার নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৫ জুলাই রাতে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট থেকে আসামিরা একটি অটো রিকশায় চড়ে অক্সিজেন মোড় এলাকার নয়ারহাটে যাওয়ার জন্য।
ওই এলাকায় পৌঁছানোর পর তারা ভাড়া দেওয়ার সময় চালককে আঘাত করে জিম্মি করে, তারপর অটো রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে তাদের ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয় জনতা।
পরদিন অটোরিকশা চালক আবদুস সালাম বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা করেন। ২০১০ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১১ সালের ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাদের বিচার শুরু করে আদালত। ছয়জনের সাক্ষ্য শুনে মঙ্গলবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন বিচারক।
