২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকে প্রভাবিত করতে দেওয়া হবে না: চট্টগ্রামের ডিসি

“সকালে যখন মানুষ দেখবে- ভোটের পরিবেশ সুন্দর, তখন মানুষ (কেন্দ্রে) আসবে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2024, 07:47 PM

Updated : 01 Jan 2024, 07:47 PM

চট্টগ্রামের ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবেন বলে আশ্বস্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সোমবার নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন জেলা প্রশাসক ফখরুজ্জামান।  অপর তিনটি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব সামলাচ্ছেন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।

রিটার্নিং কর্মকর্তা ফখরুজ্জামান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদরা কাজ করছেন।

ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩ জানুয়ারি থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও সন্দ্বীপের জন্য নৌবাহিনী মোতায়েন করা হবে।

ফখরুজ্জামান বলেন, “দূরবর্তী এবং রিমোট এলাকার কেন্দ্রগুলোর জন্য বেশি করে ফোর্স ডেপ্লয় করা হবে। ৭৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৩২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দিন সামারি ট্রায়াল সম্পন্ন করবেন।

“৭ জানুয়ারির নির্বাচন উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন।”

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিভিন্ন সময়ে সহিংসতার ঘটনা ঘটছে। এজন্য স্বতন্ত্র প্রার্থীরা নৌকা প্রতীকের প্রার্থীদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন।

গত শনিবার বিকালে ও সন্ধ্যায় পটিয়া উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলামের অনুসারীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও হুইপ সামশুল হক চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সামশুল হকের বোনসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

এসব সহিংসতার বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আপনারা জানেন, আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে কিছু না কিছু উত্তেজনা থাকে। সন্দ্বীপ ও মীরসরাইয়ে কিছু ঘটনা ঘটেছে এবং পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়ায় ঘটেছে। দোষীদের আমরা গ্রেপ্তার করেছি।”

ফখরুজ্জামান বলেন, “যদি নির্বাচন পর্যন্ত এ ধরনের ঘটনা চলমান থাকে, তাহলে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হবে। কোনো ভাবেই কেউ নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না এবং সে ধরনের কিছু করতে দেওয়া হবে না।”

ভোটের আগে সহিংসতার ঘটনায় ভোটার উপস্থিতি কম হতে পারে এমন শঙ্কার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফখরুজ্জামান বলেন, “সকালে যখন মানুষ দেখবে- ভোটের পরিবেশ সুন্দর, তখন মানুষ আসবে।”