২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরেকটি জাহাজ

পরিশোধিত ৩০ হাজার টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ শুক্রবার রাতে বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা।

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরেকটি জাহাজ
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে শুক্রবার ডিজেলবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 09:08 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে চাপের মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে একটি জাহাজ। 

শুক্রবার দুপুরে ডিজেলবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে বলে বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম বলেছেন।

পরিশোধিত এই তেল সরবরাহ করেছে সিঙ্গাপুরের ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। 

বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, পরিশোধিত ডিজেল নিয়ে ‘এমটি শান গ্যাংফা জিয়ান’ নামে আরেকটি জাহাজ শুক্রবার রাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা। মালয়েশিয়া থেকে জাহাজটি ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসছে।

এর আগে গেল মঙ্গলবারে পিভিটি সোলানা নামে একটি জাহাজ ৩০ হাজার টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। সেটি থেকে ইতোমধ্যে তেল খালাস করা হয়েছে। 

এছাড়া বৃহস্পতিবার এলএনজিবাহী জাহাজ ‘সেলসিয়াস গ্যালাপাগোস‘ বন্দরের জলসীমায় আসে। ‘গ্যাস জার্নি’ নামে এলপিজিবাহী আরেকটি জাহাজ শনিবার বন্দরে আসার কথা রয়েছে। 

বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে। 

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিলে দেশে ডিজেলের চাহিদা প্রায় ৪ লাখ টন। এ মাসে আরও সোয়া ৩ লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা আছে। 

ইতোমধ্যে ১ লাখ ৬৫ থেকে ৬৮ হাজার টন ডিজেল আসার নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে প্রায় দেড় লাখ টনের মতো ডিজেল মজুদ রয়েছে। 

পুরনো খবর:

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল আরেকটি জাহাজ