২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এল আরেকটি জাহাজ

এলপিজিবাহী একটি জাহাজ মঙ্গলবার এবং এলএনজিবাহী আরেকটি জাহাজ ৪ এপ্রিল বন্দর জলসীমায় আসার কথা রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। 

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের আলফা অ্যাংকরেজে মঙ্গলবার ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসে বলে বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছেন। 

জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নেওয়ার পর তেল খালাস শুরু হবে।

এর আগে গত বুধবার ‘এমটি গ্রান কুভা‘ নামে আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে আসে। 

বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘পল’ ও ‘সেনা ৯’ নামে এলপিজিবাহী আরও দুটি জাহাজ সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। 

এছাড়া ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে এলপিজিবাহী একটি জাহাজ মঙ্গলবার এবং ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামে এলএনজিবাহী আরেকটি জাহাজ ৪ এপ্রিল বন্দর জলসীমায় আসার কথা রয়েছে।

ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং অন্য পথে গেল এক মাসে জ্বালানিবাহী মোট ৩৫টি জাহাজ দেশে এসেছে। এর মধ্যে জ্বালানি তেল ছাড়াও এলএনজি ও এলপিজিবাহী জাহাজ রয়েছে। 

বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। আর বাকি ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে।