২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জমির বিরোধে সংঘর্ষ, নিহত ১

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 07:21 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে পটিয়া থানার এসআই শফিক উল্লাহ জানিয়েছেন।

নিহত নুরুল হক (৬৫) ওই এলাকার মৃত নুরুল আফসারের ছেলে।

এসআই শফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় জমি নিয়ে নুরুল হক ও ফজলুল হকের পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। তারা দূর সম্পর্কের চাচাতো ভাই।

তিনি বলেন, এর জের ধরে দুপুরের দিকে নুরুল হক ও ফজলুল হকের পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন নুরুল হককে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শফিক বলেন, সংঘর্ষে দুই থেকে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।