চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর এসআইকে কুপিয়ে জখম
এসআই রানাকে কুপিয়ে জখম করার পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে সেখানে অভিযানে যাওয়া পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করা হয়েছে।
নগরীর ইশানমিস্ত্রি ঘাট এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) আমিরুল ইসলাম জানিয়েছেন।
আহত পুলিশ সদস্য বন্দর থানার এসআই আবু সাঈদ রানা।
উপ কমিশনার আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ইশান মিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছিল। খবর পেয়ে বন্দর থানা পুলিশের সদস্যরা সেখানে অভিযানে যায়।
“এসময় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় এক জন।”
ওই ঘটনার পর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে উপ কমিশনার আমিরুল বলেছেন।
পুলিশের একাধিক কর্মকর্তা ও স্থানীয়রা জানিয়েছেন, রাতে ইশানমিস্ত্রি ঘাট এলাকায় আওয়ামী লীগে কর্মীরা ঝটিকা মিছিল বের করেছে খবর পেয়ে বন্দর থানা পুলিশের চার থেকে পাঁচ জনের একটি দল সেখানে গিয়েছিল।
পুলিশ দেখে ১০/১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন তাকে কুপিয়ে জখম করা হয়।
