Published : 02 Jul 2025, 05:01 PM
পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে এবার চট্টগ্রাম নগরীতে সড়ক অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
বুধবার বিকাল ৪টার দিকে নগরীর জাকির হোসেন সড়কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
এরফানুল হক নামে এক যুবক নিজেকে এনসিপির মহানগর সংগঠক দাবি করে সাংবাদিকদের বলেন, “আমরা কথা বলতে এসেছি। আমাদের সঙ্গে ডিআইজি কথা বলেননি।”
এর এক ঘণ্টা আগে বেলা ৩টার দিকে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের কর্মী পরিচয়ে ডিআইজে কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি শুরু করে এক দল যুবক। তারা পটিয়া থানার ওসির অপসারণ চেয়ে স্লোগান দেয়।
এসময় বিক্ষোভকারীরা ডিআইজিকে তার কার্যালয় থেকে নেমে তাদের দাবি শোনার আহ্বান জানান।
এক পর্যায়ে তারা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা তাদের ডিআইজি স্যারের কার্যালয়ে প্রবেশ করতে বলেছি। কিন্তু কার্যালয়ে প্রবেশ না করে স্যারকে নিচে আসতে বলেন তারা। একপর্যায়ে সড়কে গিয়ে অবস্থান নেন।”
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া শহীদ মিনার এলাকা থেকে একজন ছাত্রলীগের নেতাকে আটক করে থানায় নিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় গিয়ে ওই নেতাকে গ্রেপ্তার দেখাতে বলেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা থানা চত্বরে ওই নেতাকে ‘মারধরের চেষ্টা করলে’ পুলিশ বাধা দেয় এবং ‘উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’ এবং বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদিকরা।
এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে থানা ঘেরাওয়ের কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।
বুধবার সকালে আন্দোলনকারীরা থানা ঘেরাও করে, এর পরে তারা বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে।
আরও পড়ুন:
পটিয়া থানা ঘেরাও, মহাসড়কে বৈষম্যবিরোধীদের অবস্থান