চট্টগ্রামে বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ৫
নগরীর মাদক স্পটগুলোর অন্যতম একটি স্থান এ বয়লার কলোনী।
চট্টগ্রামের সিআরবি এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি পাঁচ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে যৌথবাহিনী।
বুধবার সকালে কোতোয়ালী থানার সিআরবি বয়লার কলোনী বস্তি ও ফলমন্ডী এলাকায় এ অভিযান চালানো হয়।
যৌথবািহনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সকাল ৬টা থেকে পরিচালিত এ অভিযানে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদক ও নগদ ১৫ লাখ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর মাদক স্পটগুলোর অন্যতম একটি স্থান এ বয়লার কলোনী। রেলওয়ের জায়গায় নিম্ন আয়ের লোকজনের গড়ে তোলা এ বস্তিতে বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার করেছিল। পাশাপাশি ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত লোকজনও ওই এলাকায় বাস করেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য।
