২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় হত্যা মামলা

ওসি বলেন, “এজাহার দেওয়ার পর আমরা মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখব।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2024, 06:41 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে চট্টগ্রামে আরও একটি মামলা হয়েছে। 

নগরীর চান্দগাঁও থানায় মঙ্গলবার গভীর রাতে মামলাটি করেছেন মো. ফজলে রাব্বী নামে ‘নিহত’ এক যুবকের বাবা। 

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মো. সেলিম নামে এক ব্যক্তি গত ৪ অগাস্ট আন্দোলনে তার ছেলে নিহত হয়েছে দাবি করে মামলাটি করেছেন। তবে ৪ অগাস্ট চান্দগাঁও এলাকায় কারো মৃত্যু হয়েছে বলে আমরা আগে জানতাম না। 

“এজাহার দেওয়ার পর আমরা মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে দেখব।” 

এর আগে গত ১৭ ও ১৯ অগাস্ট চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় আরও দুইটি হত্যা মামলায় প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে।  

মামলায় শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সবেক পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ছাড়াও চার সাবেক সংসদ সদস্য, ২৮ জন ওয়ার্ড কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ ২৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। 

এজাহারে বাদী মো. সেলিম বরেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ অগাস্ট বিকালে চান্দগাঁও এলাকায় সমাবেশ চলছিল। সেখানে অংশ নেয়ার জন্য তার ছেলে ফজলে রাব্বী বহদ্দারহাট কাঁচা বাজার মোড়ে অবস্থান করছিলেন।

এসময় মামলায় উল্লেখিত ১ থেকে ১১ নম্বর আসামির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা নিয়ে ও বোমা বিষ্ফোরণ ঘটিয়ে ধ্বংসযজ্ঞ করে এবং সমাবেশে হামলা চালায়। এতে অনেক লোক হতাহত হয়। 

‘তাদের ছোড়া গুলিতে’ ফজলে রাব্বীর পেটে ও বাম কানে লাগলে তিনি লুটিয়ে পড়ে। 

পরে সমাবেশে থাকা শিক্ষার্থীরা রাব্বীকে ওআর নিজাম রোডের বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের এই মামলা নিয়ে গত ১৩ অগাস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মোট ২৭টি মামলা হয়েছে, যার মধ্যে একটি বাদে সবই হত্যা মামলা। অধিকাংশ মামলাই হয়েছে ঢাকায়। 

আরও পড়ুন

এবার চট্টগ্রামে ছাত্র হত্যার মামলায় শেখ হাসিনা আসামি

ছাত্রদল নেতার মৃত্যু: চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা