চট্টগ্রাম সিটির সীমানা বাড়াতে চান মেয়র শাহাদাত
কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার কিছু এলাকা সিটি করপোরেশনে যুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।
চট্টগ্রামের ‘উন্নয়নে’ সিটি করপোরেশনের সীমানা বাড়ানো দরকার বলে মনে করেন মেয়র শাহাদাত হোসেন।
আর সেজন্য কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার কিছু এলাকা সিটি করপোরেশনে যুক্ত করার পক্ষে মত দিয়েছেন তিনি।
শুক্রবার আনোয়ারা উপজেলায় বোয়ালিয়া ২ নম্বর বারশত ইউনিয়নের বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।
শাহাদাত বলেন, “বর্তমানে সিটি করপোরেশনের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী প্রতিদিন নগরীতে এসে কাজ করছে। ব্যবসা-বাণিজ্য করছে। অথচ এ অঞ্চলগুলো করপোরেশনের আওতার বাইরে থাকায় এসব এলাকায় উন্নয়ন ব্যাহত হচ্ছে।
“অর্থনৈতিক সম্প্রসারণ না হওয়ায় আমরা অনেকখানি রাজস্ব হারাচ্ছি। এটা আমাদের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা দেশকে ভালোবাসি, যদি চট্টগ্রামকে ভালোবাসি, তবে এ নগরীকে সম্প্রসারণ করতে হবে। দক্ষিণ চট্টগ্রামের অনেক অংশ, বিশেষ করে কর্ণফুলি ও আনোয়ারার বেশ কিছু অঞ্চলকে নগরের সঙ্গে যুক্ত করা প্রয়োজন।”
এর আগে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী তার শেষ মেয়াদে নগরীর সীমানা বৃদ্ধির উদ্যোগ নিয়েছিলেন। সেসময় তিনি নগরী সংলগ্ন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলার কিছু অংশ সিটি করপোরেশনের সীমানায় আনার ঘোষণা দিয়েছিলেন।
এরপর সাবেক দুই মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং রেজাউল করিম চৌধুরী দুজনই নগরীর সীমানা বাড়ানোর কথা বলেছিলেন, তবে তা আর হয়নি।
মেয়র শাহাদাত বলেন, “সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আমরা অতীতে আন্দোলন করেছি। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করেছি এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে জনগণকে সাথে নিয়ে কাজ করে যাব।”
আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম।
এছাড়া অ্যাডভোকেট ফউজুল আমিন চৌধুরী, মনজুরুল আলম মনজু, হাসান চৌধুরী, সানি নিজাম উপস্থিত ছিলেন।
আরও খবর-
