২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপন্ন বিএনপিও মানুষের পাশে: আমীর খসরু

“আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তারপরও যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি,” শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেন এই বিএনপি নেতা।

বিপন্ন বিএনপিও মানুষের পাশে: আমীর খসরু

শুক্রবার চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে গরিব, অসহায় ও শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2023, 09:39 PM

Updated : 13 Jan 2023, 09:39 PM

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তার দলের রাজনীতি ‘জনগণের কল্যাণে’, তা অন্য কিছুর উপর নির্ভরশীল নয়।

শুক্রবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে গরিব, অসহায় ও শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “গত দেড় দশক ধরে বর্তমান সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। আর্থিক অবস্থা বিপন্ন। এই অবস্থাতেও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি। কষ্ট করে হলেও এই কাজগুলো করে যাচ্ছি।

“আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে, তারপরও যতটুকু সম্ভব আমাদের সাধ্যের মধ্যে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। বিএনপির রাজনীতি অন্য কিছুর উপর নির্ভরশীল নয়। জনগণের সুখে দুঃখে পাশে থাকায় বিএনপির রাজনীতি।”

সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারাদেশের মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে, হিমশিম খাচ্ছে। এখন গতকাল আবারো নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হল। এই দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে। তাই এ শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

“বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে, জেলে যাচ্ছে, প্রতিদিন কোর্টে যাচ্ছে এর মধ্যেও সাধারণ মানুষের কষ্ট লাগবে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।”

নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। 

অন্যদের মধ্যে নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য মনজুর আলম চৌধুরী, মো. কামরুল ইসলাম, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর, মহিলা দলের মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, নগর বিএনপি নেতা মো. ইদ্রিস আলী, আলী আজম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।