২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মনোনয়ন নিলেন আরও ২২ জন

দলের প্রার্থীদের বাইরে মনোনয়ন নিয়েছেন বেশ কয়েকজন বিএনপি নেতা।

চট্টগ্রামে মনোনয়ন নিলেন আরও ২২ জন
চট্টগ্রাম ১ (মিরসরাই উপজেলা) আসনের মনোনয়ন সংগ্রহ করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

তফসিল ঘোষণার একাদশ দিনে চট্টগ্রামে মনোনয়নপত্র নিলেন আরো ২২ জন।  

সোমবার চট্টগ্রাম জেলার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও তাদের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থীরা। 

দলের ঘোষিত প্রার্থীর বাইরে গিয়ে অনেক বিএনপি নেতাদের পক্ষে তাদের অনুসারীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভাগীয় কমিশনার ও তার সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ছয় জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এদিকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়া চট্টগ্রাম ১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 

বিভাগীয় কমিশনার ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারি উপজেলা ও নগরীর ১, ২ নম্বর ওয়ার্ড) বাংলাদেশ লেবার পার্টির মো. আলাউদ্দিন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, চান্দগাঁও ও বায়েজিদ আংশিক) বিএনপির সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মহিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ এনায়েত উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি, বাকলিয়া) বিপ্লব দে, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ জান্নাতুল ইসলাম। 

চট্টগ্রাম ১১ (বন্দর, পতেঙ্গা) আসন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নুর উদ্দিন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। 

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চট্টগ্রাম-১ (মিরসরাই উপজেলা) আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান, বিএনপি প্রার্থী নুরুল আমিন, বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এ এ জেড আমিন খানের ছেলে জিয়াদ আমিন খান। 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছালাহ উদ্দিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ উপজেলা) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. তারিকুল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু, স্বতন্ত্র মুহাম্মদ সাখাওয়াত হোসাইন মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা উপজেলা) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামাল নিজাম, হেলাল উদ্দিন, আলী আব্বাস, এনসিপি’র পক্ষে জোবাইরুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম শাহজাহান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ, সাতকানিয়া আংশিক) চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক) এনসিপি প্রার্থী আবদুল মাবুদ সৈয়দ এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী উপজেলা) আসন থেকে মীর দোস্ত মোহাম্মদ খাঁন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়া চট্টগ্রাম-১১ (ডবলমুরিং) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নূর উদ্দিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।