২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানের পর মোতায়েন করা হয়েছে আনসার সদস্য।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 08:50 PM

Updated : 06 Jul 2023, 08:50 PM

চট্টগ্রামে পাহাড় কেটে তৈরি করা করা অন্তত ৫৫০ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার ফয়স’ লেক সংলগ্ন ও বেলতলী ঘোনার ১১ একর পাহাড়ি জায়গা থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, চট্টগ্রাম জেলার পাহাড় রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠেনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা, আকবর শাহ, খুলশী থানা ও সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর-আলীনগর এবং অন্যান্য পাহাড়ি এলাকায় গড়ে ওঠা স্থাপনা অবিলম্বে উচ্ছেদ করার আদেশ দেয়।

অভিযানের প্রথম দিন ফয়’স লেক সংলগ্ন লট-৯ পাহাড়তলী মৌজার ৮ একর পাহাড়ি জায়গা থেকে প্রায় ৫০০টি, বেলতলীঘোনার উত্তর পাহাড়তলী মৌজার আরো প্রায় তিন একর পাহাড়ি খাস জমিতে অবৈধভাবে নির্মাণ করা ঘরের মালামাল অপসারণ ও ৫০টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের পর জায়গা যাতে পুনরায় দখল না হয়, সেজন্য পিলার ও কাঁটা তারের বেষ্টনীর পাশাপাশি সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আনসার মোতায়েন করা হয়েছে বলে জানান এনডিসি তৌহিদুল।

উচ্ছেদ অভিযানে পুলিশ ছাড়াও পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য অধিদপ্তর, পিডিবি, কর্ণফুলী গ্যাস ও ওয়াসা এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।