২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউটে চিত্রাঙ্গদা

থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নৃত্যনাট্যের দুটি প্রদর্শনী হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 08:31 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

চট্টগ্রামে মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।

শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এর দুটি প্রদর্শনী আয়োজন করে ‘অভ্যুদয় সংগীত অঙ্গন’।

চিত্রাঙ্গদা চরিত্রটি প্রচলিত নারী রূপের বিপরীত ধর্মী। মণিপুরের রাজকন্যা হয়েও সে যোদ্ধা, শাসকের উত্তরাধিকারী। অর্জুন প্রেমে মোহিত হওয়ার পর চিত্রাঙ্গদার মধ্যে নারীত্বের আকাঙ্ক্ষা তৈরি হয়। কিন্তু চিত্রাঙ্গদার প্রেম প্রত্যাখ্যান হয় অর্জুনের কাছে।

তখন চিত্রাঙ্গদার আকুতি, ‘অর্জুন, তুমি ফিরে এসো, ফিরে এসো, ক্ষমা দিয়ে করো না অসম্মান’। কখনো গেয়ে ওঠে বিরহের গীত, বেজে ওঠে ‘বধূ কোন আলো লাগল চোখে...বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যালোকে’।

অর্জুনের কাছে আকর্ষণীয় হওয়ার তাড়না তাকে নিজের স্বাভাবিক সত্তা নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে। এ নিয়ে আবর্তিত হয় চিত্রাঙ্গদার কাহিনী।

শেষাংশে অর্জুন চিত্রাঙ্গদার আত্মবিশ্বাস, সততা ও ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ হন এবং তাকে পূর্ণ মর্যাদায় গ্রহণ করেন। চিত্রাঙ্গদা আত্মবিশ্বাসে গেয়ে ওঠেন, ‘আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্রনন্দিনী। নহি দেবী, নহি সামান্যা নারী’।

নৃত্যনাট্যের নির্দেশনা দিয়েছেন সংগীত শিল্পী শ্রেয়সী রায়। নৃত্যে ছিল নৃত্যরূপ একাডেমি। নৃত্য পরিচালনা করেন প্রিয়াংকা বড়ুয়া।

সংগীত পরিবেশনায় অংশ নেন আদৃতা রুদ্র, প্রাচী সেন, উর্বশী, এলড্রিন ক্রাউলী, যীশু, শর্মিলা, ডালিয়া, পান্না, মুন্নী, বনি, প্রিয়ন্তী, ঐশী ও অমিতা। নৃত্য পরিবেশন করেন সুচনা বসাক, প্রিয়াংকা বড়ুয়া, অন্তর দে, অত্রি ভট্টাচার্য্য, ঐশী, জয়া, পুনম, সেঁজুতি, প্রাপ্তি, শান্তশ্রী, আরশি, শ্রীতমা, কথা, পূর্বা, তুশি, পুনম, পূর্ণতা, তারা, অত্রি, সম্প্রীতি ও সুপর্ণা। পাঠ করেন অণির্বাণ ভট্টাচার্য ও অমিতা।