২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, সাড়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ

পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধকারীরা সড়ক ছাড়েন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর পর চট্টগ্রামের হাটহাজারীতে সাড়ে ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সংগঠনটির কর্মীরা।

বুধবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম রাঙামাটি সড়কের হাটহাজারী অংশে অবস্থান নেয় তারা। 

চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকেই তারা সড়ক অবরোধ করেন। এরপর আমরা তাদের সাথে হাটহাজারী থানায় আলাপ আলোচনা মেষে উনারা অবরোধ তুলতে সম্মত হন।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, হেফাজতের নেতা-কর্মীরা বাস স্ট্যান্ড সংলগ্ন ত্রিবেণী মোড় এবং দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে সড়ক অবরোধ করেন।

এ সময় চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির পথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলে উভয়দিকে বিপুল পরিমাণ যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে মানুষ।

মঙ্গলবার বিকালে রাউজানের গহিরা এলাকায় একটি বিদ্যালয়ের সামনে বাসের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী সোহেল চৌধুরী; তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য।

ওই ঘটনার প্রতিবাদে হেফাজতের কর্মীরা সকাল ৮টা থেকে হাটহাজারীতে সড়ক অবরোধ শুরু করে।

 বেলা সাড়ে ১১টা থেকে চট্টগ্রামের সাথে রাঙামাটি ও খাগড়াছড়ির পথে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।