২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের ‘বিশেষ যোগ্যতা মূল্যায়নের’ প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা

আন্দোলনে নামা কর্মকর্তারা ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষের হাতে বরখাস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।

ইসলামী ব্যাংকের ‘বিশেষ যোগ্যতা মূল্যায়নের’ প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা
চট্টগ্রাম প্রেস ক্লাবে শুক্রবার সংবাদ সম্মেলন করেন ইসলামী ব্যাংকের ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন’ পরীক্ষার তালিকায় থাকা কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন ইসলামী ব্যাংকের ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন’ পরীক্ষার তালিকায় থাকা কর্মকর্তারা। 

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আগামী রোববার থেকে তারা এ কর্মবিরতি  ঘোষণা দিয়েছেন। 

কর্মবিরতির ঘোষণা দেওয়া কর্মকর্তারা ইসলামী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষের হাতে বরখাস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। 

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরে সেগুলো আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। 

ইসলামী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পর্ষদকে ‘অবৈধ’ মন্তব্য করে সংবাদ সম্মেলনে এসএম এমদাদ হোছাইন অভিযোগ করেন, চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় তারা ব্যাংকটিতে বৈষম্যের শিকার হচ্ছেন। ইতোমধ্যে ৩০০ জনের বেশি কর্মকর্তাকে ব্যাংক থেকে চাকরিচুত্য করা হয়েছে। পাঁচ হাজার ২০০ জনের অধিক লোককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং শাস্তিমূলক বদলি করা হয়েছে। 

এমদাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ তাদের ইউজার আইডি, স্টাফ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু বন্ধ করে দিয়েছে। ২৫ তারিখে বেতন হওয়ার পরও তারা কেউ বেতন তুলতে পারছেন না। 

তাদের দাবির মধ্যে রয়েছে- চাকুরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে বহাল করা; তাদের আন্দোলনে সম্পৃক্তদের শাস্তিমূলক বদলি বন্ধ করা; বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করে চট্টগ্রামের কর্মকর্তাদের ওপর চালানো ‘মানসিক ও শারিরীক নির্যাতন’ সুষ্ঠু তদন্ত করা এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা। 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, যাদের চাকরিচ্যুত করা হয়েছে, তারা সবাই স্থায়ী চাকরিজীবী। নিয়মানুযায়ী স্থায়ী চাকুরিজীবীদের বরখাস্ত করতে কারণ দর্শানোর নোটিস দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তাদের ক্ষেত্রে মানা হয়নি। 

এমনকি তাদের চাকরিচ্যুতির কাগজে বরখাস্তের কারণ ছিল না বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। 

সংবাদ সম্মেলন থেকে তাদের বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছেও দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হুমায়ন শিকদার, মোক্তার রশিদ, আশরাফুল হক। 

রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ মুক্ত হয় ইসলামী ব্যাংক। গ্রুপটির নিয়ন্ত্রণ থাকাকালে কোনো ধরনের পরীক্ষা ও যাচাই-বাছাই ছাড়াই মৌখিক নির্দেশে হাজার দশেক ব্যক্তি নিয়োগ পান বলে অভিযোগ আছে।

তাতে জনবল বেড়ে দাঁড়ায় ২২ হাজারে, যা ২০১৬ সালে ছিল সাড়ে ১৩ হাজার। মৌখিক নির্দেশে নিয়োগ পাওয়াদের মধ্যে ৫ হাজার ৩৮৫ জনকে মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার জন্য গত ২৭ সেপ্টেম্বর ডাকা হয়।

ব্যাংকের অনেক কর্মী অভিযোগ তুলেছেন ‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন’ পরীক্ষার নামে তাদের কয়েক হাজার সহকর্মীকে চাকরি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে।

এমন অভিযোগ তুলে শুক্রবার চট্টগ্রামে মানববন্ধনও করেন ব্যাংকের কর্মীরা। এছাড়া এ সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকজন চাকরিজীবী রিট আবেদনও করেন। পরে হাই কোর্ট বিষয়টি নিস্পত্তি করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেন।

কিন্তু মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয় মাত্র ৪১৪ জন। পরীক্ষায় অংশ না নেওয়াদের দায়িত্ব থেকে অবমুক্ত করে রেখেছে ইসলামী ব্যাংক।

জানতে চাইলে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু তারা যেকোনোভাবেই ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, আবার তারা পরীক্ষাও দেননি। তাই যোগ্যদের বেছে নেওয়ার জন্য অনৈতিকভাবে নিয়োগ পাওয়া সবাইকে পরীক্ষার মধ্যে দিয়ে আসতে হবে।

“ব্যাংক মানবিক দিক দিয়ে বিষয়টি দেখছে, যারা টিকবে তাদের নেওয়া হবে। বাকিদের যোগ্যতা প্রমাণের জন্য আবারও সুযোগ দেওয়া হবে, প্রয়োজনে প্রশিক্ষণ দেওয়া হবে।”

তিনি জানান, দায়িত্ব অবমুক্ত থাকাদের বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের অপেক্ষা করবে ব্যবস্থাপনা বিভাগ।

আরও পড়ুন

‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন' পরীক্ষা: যা বলছে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংকের ফেইসবুক পেইজ হ্যাকড

ইসলামী ব্যাংকের ফেইসবুক পেইজ উদ্ধার