২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

ইটভাটাগুলোর চিমনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 11:23 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

চট্টগ্রামে হাটহাজারীর পর রাউজান উপজেলায় ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার দিনভর অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাতে পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাউজান উপজেলার রশিদার পাড়া, পূর্ব রাউজান ও ডাবুয়া এলাকায় এই অভিযান চালানো হয়। 

ইটভাটা চারটিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কয়েকটি ধারা লঙ্ঘন করায় অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের এই অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। 

অভিযানে রাউজানের রশিদার পাড়ার মেসার্স শাহসুন্দর ব্রিকস-সিবিএমকে ৩ লাখ টাকা জরিমানা ও ভাটার চিমনিসহ কিলন (চুল্লি) ভেঙে গুড়িয়ে দেয় ভ্রাম্যামান আদালত। পাশাপাশি মেসার্স শাহসুন্দর ব্রিকস-এসবিএম নামের আরেকটি ইটভাটাকেও ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি গুড়িয়ে দেওয়া হয়। 

পূর্ব রাউজানের খাজা গরীবে নেওয়াজ ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া ডাবুয়ার কলমপতি গ্রামের মেসার্স কাদেরিয়া ব্রিকসকে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা। এ দুটি ইটভাটার চিমনিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন। 

অভিযানে সহায়তা করেছে র‌্যাব-৭, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস।

দুই দিন আগে ২ ডিসেম্বর হাটহাজারী উপজেলায় আটটি অবৈধ ইটভাটাকে ১৬ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। সেগুলোর কয়েকটির চিমনি ও কিলন গুঁড়িয়ে দেওয়া হয়েছে।