Published : 24 Aug 2026, 06:00 PM
রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা টেম্পোর সঙ্গে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি দরজা ভেঙ্গে গেছে।
সোমবার দুপুরে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে স্টেশনটির সহকারী মাস্টার আনোয়ারুল হক তারেক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মাঝামাঝি জায়গায় রেল লাইনের পাশে টেম্পোটি দাঁড়ানো ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ১২টা ৪৫ মিনিটের দিকে অতিক্রম করার সময় সেটির সঙ্গে ঘষা লাগে।
“এতে একটি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটি স্টেশনে না দাঁড়িয়ে পটিয়া স্টেশনে চলে যায়।”
পটিয়া স্টেশনের সহকারী মাস্টার তন্ময় চৌধুরী বলেন, টেম্পোর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি দুপুর ১টার দিকে পটিয়া স্টেশনে এসে থামে। ট্রেনটি পরিচালকের সবশেষের কক্ষের দরজাটি ভেঙ্গে যায়। দুপুর ১টা ১৭ মিনিটের দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
এর আগে গত ১৯ এপ্রিল পটিয়ার হরণা স্টেশন ও কাঞ্চনগর স্টেশনের মাঝামাঝি স্থানে রেল লাইনের পাশে পার্কিং করে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে ট্রেনটির পাঁচটি দরজা ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে দুটি দরজা পুরোপুরি খুলে যায় এবং দুটি দরজা ঝুলে ছিল।
আরও পড়ুন-
ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত