ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের ৫ দরজা ক্ষতিগ্রস্ত
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে দোহাজারির স্টেশন মাস্টার ইকবাল জানান।
রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের পাঁচটি দরজা ভেঙে গেছে।
দোহাজারির স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার পটিয়ার হরণা স্টেশন ও কাঞ্চনগর স্টেশনের মাঝামাঝি চন্দনাইশের রৌশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, মাছবোঝাই ট্রাকটি রেল লাইনের পাশে দাঁড় করানো ছিল। বেলা সোয়া ১টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় ট্রাকের সাথে লেগে পাঁচটি দরজা ভেঙে যায়। তার মধ্যে দুটি দরজা পুরোপুরি খুলে যায় এবং দুটি দরজা ঝুলে ছিল।
স্টেশন মাস্টার বলেন, ট্রেনটি বেলা ১টা ২৫ মিনিটে দোহাজারি স্টেশনে এসে থামে। পরীক্ষা নিরীক্ষা করে বেলা ১টা ৩৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান স্টেশন মাস্টার ইকবাল।
