২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে যেন অনু্প্রবেশ না হয়: শামীম

"এখনকার অবস্থায় বিএনপির কেউ যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তা বরদাশত করা হবে না। দলের অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 10:22 AM

এই সময়ে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যেন বিএনপিতে যোগ দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। 

শুক্রবার বিকেলে ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর মজলিশপুর, সোনাগাজী সদর, আমিরাবাদ ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ বিষয়ে কথা বলেন। 

শামীম বলেন, "এখনকার অবস্থায় বিএনপির কেউ যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে, তা বরদাশত করা হবে না। দলের অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। 

"বিএনপিতে সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে। অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বিএনপিতে যোগদান করানো যাবে না। কেউ যাতে বিএনপির নাম ভাঙিয়ে অপতৎপরতা চালাতে না পারে সে সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের সাবধান থাকতে হবে।" 

তিনি বলেন, "পতিত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগীরা দেশে পরিকল্পিত অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তারা নানান লুটতরাজ ও অপকর্মে লিপ্ত রয়েছে। এসব সন্ত্রাসী কাজে লিপ্ত দুষ্কৃতকারীদের প্রতি সতর্ক দৃষ্টি রেখে তাদের আইনের আওতায় আনতে হবে। 

"আইন যাতে কেউ নিজ হাতে তুলে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকবে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে।" 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন সেন্টু, জেলা বিএনপির সদস্য শামসুদ্দিন খোকন, রবিউল হক শিমুল, পৌরসভা বিএনপির সভাপতি আবু মোবারক দুলাল, সিনিয়র সহ-সভাপতি ইমাম উদ্দীন ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।