Published : 09 Apr 2026, 12:38 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধের কাছে এই হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
নিহত মো. শামীম (৪০) সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পৌরসভার ৯ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র্পূব শত্রুতার জেরে তাকে বেড়িবাঁধ এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার পা থেকে মাথা পর্যন্ত শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে।”
এ হত্যাকাণ্ডের সঙ্গে ‘রাজনৈতিক সম্পৃক্ততা নেই’ দাবি করে ওসি বলেন, “আগে থেকে শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড বলে ধারণা করছি। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই আটক করা হয়েছে।”