১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বিএনপির চার দিনের কর্মসূচি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে নগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম নগর বিএনপি। 

মঙ্গলবার বিকালে কাজীর দেউড়ির নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

কর্মসূচির মধ্যে আছে- ৩১ অগাস্ট সকাল ১১ টায় নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা এবং ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন।

১ সেপ্টেম্বর বিকাল ৩টায় কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

এছাড়া ওইদিন সকালে দলীয় কার্যালয়সহ ৪৩টি ওয়ার্ডে দলের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ প্রচার। 

২ সেপ্টেম্বর সকাল ১১টায় নাসিমন ভবনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা। ৩ সেপ্টেম্বর বিকোলে দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে বিগত ১৫ বছরে আন্দোলন সংগ্রামে নিহত ও সাম্প্রতিক বন্যায় হতাহতদের জন্য দোয়া। 

প্রস্তুতি সভায় এরশাদ উল্লাহ বলেন, “বিএনপি গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের সামনে কিন্তু বড় সংগ্রাম, বড় লড়াই। সেই লড়াইটা এই বিপ্লবের বিজয়কে সুসংহত করা। 

“এই বিজয়কে যদি আমরা সুসংহত করতে না পারি আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে কেউ যদি সন্ত্রাস করতে চায়, কেউ যদি চাঁদাবাজী বা অন্য কিছু করে, ক্ষতি করতে চায়, সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে রুখে দিতে হবে, প্রতিরোধ করতে হবে।”

নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “সর্বক্ষেত্রে আইনশৃঙ্খলা যারা ভণ্ডুল করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং ভণ্ডুলকারীদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ব্যাপারে আমরা কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করব না। বিএনপি সমস্ত অন্যায়কে প্রতিহত করবে।”

সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, এস কে খোদা তোতন, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম প্রমুখ।