২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চালু হয়েছে চট্টগ্রামের বেশিরভাগ পোশাক কারখানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডের কারখানাগুলো মঙ্গলবার চালু হয়েছে।

চালু হয়েছে চট্টগ্রামের বেশিরভাগ পোশাক কারখানা
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2024, 10:20 PM

Updated : 26 Aug 2026, 10:02 AM

চারদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের তৈরি পোশাক কারখানাগুলো খুলেছে। 

মঙ্গলবার বিজিএমইএর অধীন কারখানাগুলোর মধ্যে ৮০ শতাংশে কাজ হয়েছে বলে সংগঠনটির নেতারা জানিয়েছেন। 

তবে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) এবং কর্ণফুলী ইপিজেড এ কোনো কারখানা মঙ্গলবার খোলেনি। 

সবশেষ গত বৃহস্পতিবার চট্টগ্রামের রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো খোলা ছিল। এরপর শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। শুক্রবার রাতে সারাদেশে কারফিউ জারির পর থেকে কারখানাগুলো বন্ধ ছিল। 

সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কয়েকজন ব্যবসায়ী নেতা কারখানা খুলে দেওয়ার আহ্বান জানান। এরপর রাতে চট্টগ্রামের অঞ্চলের কল-কারখানা খোলা রাখার ঘোষণা আসে। 

বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ প্রথম দিনে ৪৫০টি কারখানা চালু হয়েছে। চারদিন পর কারখানা চালু হলো। কোথাও কোনো সমস্যা হয়নি। বেশিরভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। সিইপিজেড ও কর্ণফুলী ইপিজেডের কারখানাগুলো চালু হয়নি।”

চট্টগ্রামে বিজিএমইএর সদস্য তৈরি পোশাক কারখানার সংখ্যা ৬৬৪টি। এরমধ্যে সচল ৬০০টি। 

রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর নেতা রাকিবুল আলম চৌধুরী বলেন, “রপ্তানির জন্য প্রস্তুত গার্মেন্টস পণ্য বিভিন্ন অফডকগুলোতে আটকে আছে। এগুলো দ্রুত পাঠানোর ব্যবস্থা করা উচিত।”

বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, “চারদিনে পোশাক মালিকদের ব্যাপক ক্ষতি হয়েছে। সব কারখানায় পণ্য উৎপাদন বন্ধ ছিল। অফডকগুলোতে অনেক রপ্তানি পণ্য আটকে আছে। তবে ইন্টারনেট বন্ধ থাকায় সমাগ্রিক ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি।”

এদিকে কর্ণফুলী ইপিজেডের মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন, বুধবার তাদের ইপিজেডের কারখানাগুলো খোলার সম্ভবনা আছে। 

সিইপিজেডে মোট কারখানা ১৪টি এবং কর্ণফুলী ইপিজেডে কারখানার সংখ্যা ৫৫টি। 

এর বাইরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডের কারখানাগুলো মঙ্গলবার চালু হয়েছে। শ্রমিক-কর্মচারীরাও কাজে যোগ দিয়েছেন।