১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন: দগ্ধদের মধ্যে ২ জনের মৃত্যু

মঙ্গলবার দুপুরে জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 02:43 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ট্রলারে আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে এফবি দেশ নামের ওই ফিশিং ট্রলারের দুই গ্রিজার রুবেল ও শাহ আলমের মৃত্যু হয়। 

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে “ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে পথেই তারা দুজন মারা যান। এরপর পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।”

দুজনের মধ্যে রুবেলের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। আর শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

বুধবার সকালে নিজ নিজ বাড়িতে তাদের জানাজা ও দাফন হয়েছে বলে ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান। 

দগ্ধ বাকি চারজনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম এখন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। 

এছাড়া উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

মঙ্গলবার বেলা ১২টার ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী নদীর সদরঘাট অংশে নোঙর করে রাখা ফিশিং ট্রলার এফবি দেশ এর ইঞ্জিন রুমে আগুন লাগে। তাতে ছয়জন দগ্ধ হন। 

দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তাদের মধ্যেই দুজনের মৃত্যু হয়। 

ক্যাপ্টেন জুবায়ের জানান, সাগর থেকে মাছ ধরা শেষে সোমবার বেলা ২টার দিকে তাদের জাহাজ কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পান ঘাট সংলগ্ন অংশে নোঙর করে।  

মঙ্গলবার দুপুরে জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ট্রলারটির কর্মকর্তাদের ধারণা।

আগুনের ঘটনায় নগরীর সদরঘাট থানায় এফবি দেশ এর পক্ষ থেকে জুবায়ের মাহমুদ একটি সাধারণ ডায়েরি করেছেন। 

পুরনো খবর

কর্ণফুলী নদীতে ট্রলারে আগুনদগ্ধ ৬