২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ড ‘মাইলফলক’ হয়ে থাকবে: অর্থমন্ত্রী

মন্ত্রী বলেন, এই কার্ডের মাধ্যমে আগামী দিনে জাতীয়ভাবে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে। সরকার সেদিকেই যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 02:13 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও দেশে দারিদ্র্য বিমোচনের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

মঙ্গলবার সকালে পতেঙ্গায় চট্টগ্রাম বিমান বন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আমির খসরু বলেন, “আমি মনে করি একটি মাইলফলক হিসেবে কাজ করবে আগামী দিনে।” 

তিনি বলেন, “সবাই বেতন নিয়ে বাড়িতে আসে। কিন্তু পরিবারের নারী প্রধানের কোনো বেতন নাই। সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই নারী প্রধানকে ক্ষমতায়ন করতে হবে। এই নারী প্রধানের হাতে একটি অর্থনৈতিক সামর্থ্য আমাদের সৃষ্টি করতে হবে।” 

অর্থমন্ত্রী বলেন, “সে (নারী) যাতে সমাজে সমাদৃত হয়, সে যাতে নিজে খরচ করতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে এটার একটা প্রতিফলন ঘটবে। সুতরাং এই কার্ডটি শুধু নারীর ক্ষমতায়ন নয়। পরিবারের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিতে আগামী দিনে বিশালভাবে এটার একটা প্রতিফলন ঘটবে। 

“আমি আনন্দিত, এখানে আসার আগে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এই যে স্বচ্ছতা, এটা আমরা অব্যাহত রাখতে চাই।”

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড একটি স্মার্ট কার্ড। এই কার্ডের মাধ্যমে আগামী দিনে জাতীয়ভাবে সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে। সরকার সেদিকেই যাচ্ছে।

“কল্যাণ রাষ্ট্রের যে চিন্তা, এটা কিন্তু প্রথম পদক্ষেপ। একটি রাষ্ট্রের সুফল শুধু উপরের লোকগুলো পাবে আর বাকিরা বঞ্চিত হবে–এ ধরনের অর্থনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না।” 

তিনি বলেন, “আমাদের অর্থনীতির মূল কেন্দ্র হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র। যারা নিম্ন আয়ের মানুষ তাদের সমস্যা প্রথম সমাধান করতে হবে। এজন্য এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে। 

“শুধু ফ্যামিলি কার্ড না, আপনারা জানেন, বিনামূল্যে স্বাস্থ্যসেবার প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা ফারমার্স কার্ড করেছি। খাল খনন কর্মসূচি শুরু হয়ে গেছে। আমাদের নির্বাচনি ওয়াদা যেগুলো আছে সমস্ত কাজগুলো একমাসের মধ্যে শুরু করতে পেরেছি।" 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা থাকে, জনগণের প্রতি কমিটমেন্ট ঠিক রাখতে চায় তার প্রমাণ ইতোমধ্যে হয়ে গেছে। 

“এখানে যে ৫৭৭৫টি ফ্যামিলি কার্ডে দেওয়া হয়েছে, এখানে কোনো দলীয়করণের সুযোগ ছিল না। বাংলাদেশে সবসময় দেখবেন সরকার দলীয় লোকজন সুযোগ পেয়ে যায়। কিন্তু এই প্রকল্পে কোনো রাজনৈতিক নেতা কর্মী যুক্ত ছিল না।”

সরকারি কর্মকর্তারা স্বাধীনভাবে এ কাজটি করায় দল-মত-ধর্ম নির্বিশেষে সবার কাছে সুযোগটি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। 

তিনি বলেন, “তারেক রহমান সাহেব ওয়াদা করেছেন আমরা একটি স্বচ্ছ সরকার দিতে চাই। আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি। আমাদের প্রধান দায়িত্ব তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া। সরকারি কর্মকর্তা, নেতাদের পিছে দৌড়াদৌড়ি করার তাদের কোনো দরকার নেই। 

“বাংলাদেশে কোনো প্রকল্প নিলে তা বছরের পর বছর গেলেও বাস্তবায়ন হয় না। কিন্তু নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে একমাসের মধ্যে যে বাস্তবায়ন করা সম্ভব এটা আমরা প্রমাণ করেছি।”  

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ফ্যামিলি কার্ডের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। কোথাও যেতে হয় নাই। তাদের কারো কাছে যেতে হয়নি, চাইতে হয়নি। সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে সবচেয়ে যাদের চাহিদা রয়েছে। 

“এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা তাদের দিয়ে। তারপর দরিদ্র যারা, নিম্ন আয়ের মানুষ তারপর মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এভাবে চলতে থাকবে।” 

তিনি বলেন, “অনেকে বলেছে বাংলাদেশে কি সেই অর্থনৈতিক সামর্থ্য আছে? আমরা তো প্রমাণ করেছি আমাদের সেই সক্ষমতা আছে। যদি আমার রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে। জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি, সেটারই আমরা বাস্তবায়ন করেছি। 

“বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাতে এত বড় একটা প্রকল্প। চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড যাবে আড়াই হাজার টাকা করে। যে একটা অংক যাবে বিশাল। এটা অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু জনগণ ও নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা মনে করেছি সেই সীমিত সক্ষমতা থাকা স্বত্ত্বেও বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে।” 

অর্থমন্ত্রী বলেন, সকাল থেকে রাত পর্যন্ত একজন নারী পরিবারকে যে সেবা দেয়, তার মূল্যায়ন কোনো সময় করা হয়নি। 

“আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারেক রহমান তাদের বেছে নিয়েছেন। পরিবারের নারী প্রধানকে যদি ক্ষমতায়িত করা না যায় তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারব না। 

“অনেক প্রজেক্ট করেছি, দেখেছি। নিজেও করেছি। আজকে এই কর্মসূচিতে ভিন্ন অনুভূতি পেয়েছি। বহু কাজ করেছি। কোনদিন এ অনুভূতি পাইনি। আমার রাজনৈতিক জীবনের কর্মকাণ্ডে এটি একটি মাইলস্টোন হিসেবে থাকবে।” 

ফ্যামিলি কার্ড পাওয়া নীপা আক্তার বলেন, নির্বাচনের এক মাসের মধ্যে কার্ড পেয়ে আমি খুব বেশি। এক মাসে যা স্বপ্ন ছিল এখন তা হাতের মুঠোয়। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।” 

কার্ড পাওয়া আরেক নারী গীতা সরকার বলেন, “আমার মোবাইলে টাকার মেসেজ এসেছে। যারা আমাদের জন্য এত কষ্ট করেছেন তাদের ধন্যবাদ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।” 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। 

স্বাগত্য বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। 

অন্যদের মধ্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

নগরীর ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের ৫ হাজার ৫৭৫ পরিবার পাবে ফ্যামিলি কার্ড। এর মধ্যে ৬৮০ জনকে মঙ্গলবারের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। 

বাকিদের মাঝে ওয়ার্ড কার্যালয় থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করার কথা রয়েছে। 

এই কার্ড বিতরণের জন্য খানা জরিপ করে ৪১ নম্বর ওয়ার্ডে ১০ হাজার ১২৪ জনের তালিকা করা হয়। পরে দারিদ্র সূচক মান (পিএমটি) স্কোরিং অনুযায়ি ৫ হাজার ৫৭৫ জনকে চূড়ান্ত করা হয়।