২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ শিপিং ব্যবসায়ী

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ শিপিং ব্যবসায়ী

বাহারুল আলম বাহার

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2022, 06:45 PM

Updated : 30 Sep 2022, 06:45 PM

চট্টগ্রাম নগরীর সদরঘাটে নৌকায় ওঠার সময় কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন এক শিপিং ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাত ১টার দিকে ৫ নম্বর জেটি সংলগ্ন অংশে নৌকায় উঠতে গিয়ে বাহারুল আলম বাহার (৬২) পানিতে পড়ে যান।

শুক্রবার বিকাল পর্যন্ত নৌপুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান পায়নি।

বাহার নগরীর মাঝিরঘাট এলাকার মেসার্স বিজয় শিপিং অ্যান্ড ট্রেডিং এজেন্সির মালিক। লাইটারেজ ঠিকাদার সমিতির কার্যনির্বাহী এ সদস্যের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার ভবানিপুর গ্রামে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় পরিবার নিয়ে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে নৌপুলিশের সদরঘাট থানার ওসি মো. একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১টার দিকে ৫ নম্বর জেটির পাশের ঘাট থেকে নৌকায় উঠার সময় ভারসাম্য হারিয়ে তিনি নদীতে পড়ে যান।

“এ সময় পাশেই একটি লাইটার দাঁড়ানো ছিল। নদীতে প্রবল জোয়ার ছিল। পানিতে পড়ার পরই তিনি দ্রুত লাইটারের নিচে তলিয়ে যাচ্ছিলেন বলে ঘাটে থাকা লোকজন দেখতে পায়। এ সময় পানিতে ‍উনার হাতও দেখা গিয়েছিল। কিন্তু তীব্র স্রোতের কারণে কেউ উনাকে উদ্ধার করতে পারেননি।”

তল্লাশি শেষে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ফিরে গেলেও নৌপুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি একরাম।