চট্টগ্রামে ছুরিতে রেস্তোরাঁকর্মী খুন, পুলিশ বলছে, পেছনে ‘পরকীয়া’
আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে আইয়ুবের মৃত্যু হয়।
চট্টগ্রামে এক যুবককে ছুরি মেরে খুন করা হয়েছে।
নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আইয়ুব নবী সাগর (২৬) রেস্তোরাঁর কর্মী ছিলেন।
ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে স্থানীয় লোকজন বালুরমাঠ থেকে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হলে পুলিশ লাশ হেফাজতে নেয়।
“রাতে পরিবারের সদস্যরা আইয়ুব নবীর লাশ শনাক্ত করেন।”
এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে উল্লেখ করে ওসি বলেন, “আইয়ুবের সাথে সাইমন নামে তার এক বন্ধুর স্ত্রীর ‘পরকীয়া’ সন্দেহে এ ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।”
হত্যাকাণ্ডের পর থেকে সাইমন পলাতক বলে জানান ওসি আখতারুজ্জামান।
