২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজান আসনে বিএনপির দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ

মোট পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

রাউজান আসনে বিএনপির দুই প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, গোলাম আকবর খোন্দকার

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2026, 05:10 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে বিএনপির দুই প্রার্থী গোলাম আকবর খোন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার যাচাই-বাছাই শেষে বিএনপির দুই প্রার্থীসহ পাঁচজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম মিঞা। 

তারা ছাড়াও এ আসনে আরও তিনজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

এরা হলেন জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নূরী ও গণসংহতি আন্দোলনের নাছির উদ্দীন তালুকদার।

চট্টগ্রামের ডিসির ‘স্টাফ অফিসার’ মো. মঈনুল হাসান বলেন, বিএনপির মনোনীত দুই প্রার্থীসহ বাকিদের মনোনয়ন বৈধ হয়েছে। 

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম আকবর খোন্দকারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। সে হিসেবে দুইজনই মনোনয়নপত্র জমা দেন। 

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা বলছেন, কোনো দল একজনকে প্রার্থী করে থাকে। তবে চট্টগ্রাম-৬ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পাওয়া দুইজন জমা দিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে নির্বাচন কমিশনে দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়নের তালিকা পাঠানো হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

গত ৪ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে রাউজান আসনটিতে চট্টগ্রাম-৬ আসনের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর গোলাম আকবর খোন্দকারকেও  দলীয় মনোনয়ন দেওয়া হয়।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে। গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র বাছাই শুরু হয় ৩০ ডিসেম্বর থেকে। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন আগামী ২০ জানুয়ারি।