Published : 11 Jul 2026, 10:19 PM
চট্টগ্রামে নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে গিয়ে পানির স্রোতে ভেসে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর সরফভাটা অংশে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম মো. সোলায়মান।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেমেও তার সন্ধান পায়নি। শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সোলায়মানের হদিস মেলেনি। তিনি পূর্ব সরফভাটার বদিউল আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বর্ষায় পাহাড়ি ঢল নামলে কর্ণফুলী নদীতে পাহাড়ের দিক থেকে কাঠ ভেসে আসে। সোলায়মান ও তার বড় ভাই আবদুল আলিম শনিবার সকালে ভেসে আসা কাঠ সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে নামেন।
একপর্যায়ে নৌকা থেকে পড়ে দুজনই ভেসে যেতে থাকেন। সেসময় নদীর তীরে থাকা লোকজন আবদুল আলিমকে উদ্ধার করে। তবে সোলায়মান নদীর স্রোতে ভেসে যান।
টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। ভাটার সময় কর্ণফুলী নদী দিয়ে তাই তীব্র স্রোতে পানি নামতে থাকে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অজুর্ন বাড়ই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তখনো নদীতে তীব্র স্রোত ছিল। পরে চট্টগ্রাম ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল আসে। তারাও দুই ঘণ্টা চেষ্টা করে কোন হদিস পায়নি। আমাদের তল্লাশী অব্যাহত আছে।”
এদিকে শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়া পৌর সদরের রূপকানিয়া এলাকায় বন্যার পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।
শুক্রবার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক ঘটনায় বন্যার পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছিল।
বুধবার বিকেলে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে বিলের পানিতে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুড়ি খালের পানির স্রোতে নিখোঁজ হয় এক তরুণ।
রিলেটেড লিংক-
সাতকানিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাঁশখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামে বিলের পানিতে শিশুর মৃত্যু, খালের পানিতে তরুণ নিখোঁজ