১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঁশখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুরো উপজেলার এলাকা বিভিন্ন পানিতে ডুবে আছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 03:48 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক ঘটনায় বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ। 

শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামে এবং একই ইউনিয়নের রত্মপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

দক্ষিণ ইলশা গ্রামের কামাল উদ্দিনের ৮ বছর বয়সি ছেলে মো. আশিক সকাল সাড়ে ১১টার দিকে পানিতে ডুবে মারা যায়। 

স্থানীয়রা জানিয়েছে, দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলীর বাড়ি এলাকায় মো. আশিকের পরিবারের বাস। শিশুটি সকালে বাড়ির বাইরে গেলে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও শিশুটি মারা যায়। 

অন্যদিকে রত্নপুর এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির বয়স ১১ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। 

জানতে চাইলে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো উপজেলার বিভিন্ন এলাকা এখনো পানিতে ডুবে আছে। দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি। তবে এখনো বিস্তারিত তথ্য পাইনি।”

টানা ৫ দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণের কয়েকটি উপজেলার বিস্তৃর্ণ এলাকা ডুবে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 

এরমধ্যে বাঁশখালী উপজেলার বেশিরভাগ এলাকায় এখনো বন্যার পানি আছে।