সাতকানিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হয়েছিল।
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার রূপকানিয়াতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রূপকানিয়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় ২ বছর বয়সি শিশু ইসমাইল হোসেন পানিতে ডুবে মারা যান। ইসমাইল স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টার দিকে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।”
স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ি থেকে বের হলে পানিতে ডুবে যায়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে ইসলামইলকে উদ্ধার করে।
পরে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রত্যেকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান।
ডলু নদীর বাঁধ ভেঙে পৌরসভা ও রামপুর এলাকায় পানি প্রবেশ করায় এ পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
এরআগে শুক্রবার বাঁশখালী উপজেলায় পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছিল।
