রাউজানে গিয়াস কাদেরে আস্থা বিএনপির, চট্টগ্রামে এখনো ফাঁকা ২ আসন
নগরের আসনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত চট্টগ্রাম-৯ আসনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান।
জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আরও যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, তাতে রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ওপরই আস্থা রেখেছে তারা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই গিয়াস কাদের দলের ভাইস চেয়ারম্যান।
বৃহস্পতিবার আরও ৩৬ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। এ নিয়ে দলটি ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, তাতে চট্টগ্রামের ১৪টি আসন রয়েছে।
এখনো চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন ফাঁকা রেখেছে বিএনপি।
এর আগে ৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। বিক্ষোভের মুখে একটি আসনের প্রার্থী বাতিল করা হয়।
সে তালিকায় চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে ১০টির।
চট্টগ্রামের আরও যে চার আসনে বিএনপি প্রার্থী দিয়েছে, সেখানে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন ছাড়াও রয়েছে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১৫ আসন।
রাউজানে ঘুরে ফিরে এক পরিবারের সদস্যরাই বিএনপি ও আওয়ামী লীগ-দুই দলের মনোনয়ন পেয়ে আসছেন। ১৯৯৬ সালে এ আসনে বিএনপি থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হন। সেখানে তার সঙ্গে আওয়ামী লীগের টিকেটে ভোটের লড়াইয়ে ছিলেন একই পরিবারের সদস্য তার চাচাত ভাই ফজলে করিম চৌধুরী।
২০০১ থেকে ২০২৪ পর্যন্ত এ আসনে টানা সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের ফজলে করিম, যিনি বর্তমানে কারাগারে আছেন।
এই ২০১৮ সালে বিএনপির প্রার্থী ছিলেন জসীম উদ্দীন সিকদার। এবারও তিনি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
দলের আরেক জ্যেষ্ঠ নেতা গোলাম আকবর খন্দকারও মনোনয়ন চান। কিন্তু বিএনপি বেছে নিয়েছেন গিয়াস কাদেরকেই।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ মাসে দুই নেতার অনুসারীদের মধ্যে একাধিক সংঘাতের ঘটনা ঘটেছে। এ কারণে গিয়াস কাদেরের দলীয় পদ স্থগিত করা হয়েছিল।
৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণার সময় আবু সুফিয়ানের নাম বললেও প্রকাশিত তালিকায় আসনটি ফাঁকা ছিল।
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত সিটি করপোরেশনের বাকলিয়া ও কোতোয়ালি (১৫ থেকে ২৩ ও ৩১ থেকে ৩৫ নম্বর ওয়ার্ড) গঠিত চট্টগ্রাম-৯ আসনে প্রার্থী ঘোষণা করেছেন আবু সুফিয়ানকে। যিনি ২০১৮ সালে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী উপজেলা, নগরীর বায়েজিদ ও পাঁচলাইশ আংশিক) আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
এই আসনে ২০১৮ সালের সংসদ নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। সেবার এই আসনে প্রার্থী ছিলেন বিএনপির নগর সভাপতি শাহাদাত হোসেন। ধানের শীষের এই প্রার্থী কারাগারে থেকে নির্বাচন করে পরাজিত হন। বর্তমানে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র।
এছাড়া লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়ার ছয়টি ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে নাজমুল মোস্তফা আমীনকে। যিনি প্রথমবারের মত এ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল মোস্তফা আমিন।
সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নিয়ে চট্টগ্রাম-১৫ আসনে ২০১৮ সালে জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলাম ধানের শীষের প্রতীক নিয়ে জোটের প্রার্থী ছিলেন।
দ্বীপ এলাকা সন্দ্বীপে বিএনপি আস্থা রেখেছে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার ওপর। ইউনিয়ন পরিষদ, উপজেলা চেয়ারম্যান থেকে সংসদ সদস্য হওয়া মোস্তফা কামাল ১৯৯৬ ও ২০০১ সালে এ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন:
