মীরসরাইয়ে বাজারের মধ্যে কুপিয়ে যুবক খুন
নিহত যুবক যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে সংগঠনে তার কোনো পদপদবী নেই বলে স্থানীয়রা জানিয়েছেন।
চট্টগ্রামের মীরসরাইয়ে দুর্বৃত্তরা স্থানীয় এক বাজারে কুপিয়ে এক যুবককে খুন করেছে।
সোমবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানার হিংগুলি ইউনিয়নের ইনতির হাট বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত শহীদুল ইসলাম আকাশ (২৫) যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে সংগঠনে তার কোনো পদপদবি নেই।
হিংগুলি ইউনিয়নের বাসিন্দা আকাশের ইনতির হাটে একটি ফার্নিচারের দোকান আছে।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, সন্ধ্যায় ইনতির হাটে দোকানে বসে ছিলেন আকাশ। এসময় কয়েকজন যুবক গিয়ে তার ওপর হামলা চালায়। পরে দোকান থেকে বের করে কুপিয়ে জখম করে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
