কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বাবা-মেয়ের
আহত মা-ছেলে, আরও এক ব্যক্তি ও গাড়ির চালকসহ চারজনকে উদ্ধার করা হয়।
চট্টগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই্
শুক্রবার সকালে মিরসরাই উপজেলার ঠাকুর দীঘি বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় পরিবারের আরো দুই সদস্যসহ চারজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- গোলাম সরোয়ার মিন্টু (৪২) ও তার তিন বছর বয়সী মেয়ে মুসকান। তারা ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন গোলাম সরোয়ার। তাদের বহনকারী প্রাইভেট কারটি ঠাকুর দীঘি বাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে গিয়ে ধাক্কা দেয়।”
এসময় গাড়িতে থাকা বাবা-মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আহত মা-ছেলে, আরও এক ব্যক্তি ও গাড়ির চালকসহ চারজনকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পরিদর্শক বোরহান বলেন, মৃত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছে এবং আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
