বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার মামলায় নেই অগ্রগতি
হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে; হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
পাঁচ সপ্তাহ আগে নির্বাচনি গণসংযোগ করতে গিয়ে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এখনো রহস্য হয়েই রয়েছে।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় একই হামলায় গুলিবিদ্ধ হয় মারা যান ‘সন্ত্রাসী‘ সরোয়ার হোসেন বাবলা।
ঘটনার দুদিন বাদে সরোয়ারের বাবা আবদুল কাদের বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এ ঘটনার ৩৯দিন পার হলেও ১০ জন সন্দেহভাজন গ্রেপ্তার ছাড়া উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তারা কাজ করছে।
বিএনপি সারাদেশে তাদের দুই শতাধিক প্রার্থীর নাম ঘোষণার পর চালিতাতলীতেই প্রথম কোনো প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। এর মাস খানেক পর গত শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হন। এরপর এরশাদ উল্লাহর ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।
তার গণসংযোগে হামলার পরপর পুলিশ বলেছিল, হামলার ‘টার্গেট’ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ছিলেন না। সন্ত্রাসীদের লক্ষ্য ছিল সরোয়ার হোসেন বাবলা।
মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা বায়েজিদ বোস্তামী থানার এসআই মো. কাউসার হামিদ বলেন, “মামলার তদন্ত চলমান। এ পর্যন্ত আমরা ১০ জনকে গ্রেপ্তার করেছি; এর মধ্যে এজাহারভুক্ত দুই আসামি রয়েছেন।”
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে বেশ কয়েকজন আদালতে স্বীকারাক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুসারে এ ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
গত ৫ নভেম্বর সন্ধ্যায় চালিতাতলী এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ। গণসংযোগ শুরুর পরপরই গুলিবর্ষণের ঘটনা ঘটলে এরশাদ উল্লাহসহ তিনজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর সরোয়ার হোসেন বাবলা মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম মহানগর পুলিশের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে অনেকের নাম উঠে এসেছে তাদের গ্রেপ্তারে আমরা কাজ করছি। এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি।
“গ্রেপ্তার হওয়া আসামিরা আদালতে দেওয়া জবানবন্দিত যেসব তথ্য দিয়েছেন তা যাচাই-বাছাই করে তদন্ত চলছে।”
বিএনপি নেতা এরশাদ উল্লাহ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তিনি সম্প্রতি নির্বাচনি প্রচারণায় ফেরেন।
মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা ঘটনা ঘটেছে। এটা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।”
এরশাদ উল্লাহ বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত।”
নিহত সরোয়ার হোসেন বাবলার বাবা আবদুল কাদেরের করা মামলায় বড় সাজ্জাদ, রায়হান, ইমন, বারহান, আলাউদ্দিন, হেলাল ও নিজামের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।
এজাহারে ব্যবসায়িক দ্বন্দ্ব, হুমকি পাওয়ার কথা উল্লেখ করা হয়। আসামি বড় সাজ্জাদ ঘটনার এক সপ্তাহ আগে বিদেশ থেকে ফোন করে সরোয়ার হোসেন বাবলাকে হুমকি দিয়েছিল িবলে মামলায় বলা হয়েছে।
মামলার বাদী আবদুল কাদেরের বক্তব্য জানতে মোবাইল ফোনে চেষ্টা করেও সাড়া মেলেনি।
