২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৭ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

তাকে ২০০৯ সালের ১ সেপ্টেম্বর ছুরিকাঘাত করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:18 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

প্রায় ১৭ বছর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা জেলে পাড়ার বাসিন্দা সুরেশ দাশকে হত্যার মামলায় এক আসামিকে যাবজ্জীবন এবং আরেকজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শনিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত দায়রা জজ নাজমুল হোসেন চৌধুরী এই রায় দেন। 

আদালতের বেঞ্চ সহকারী কানু দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সুব্রত দাশকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডিত সুব্রত দাশকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামি ববিতা পলাতক।”

দণ্ডিতদের মধ্যে সুব্রত দাশকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা দণ্ড, অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার আরেক আসামি সুব্রতর মা ববিতা দাশকে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা দণ্ড দেওয়া হয়েছে। এই অর্থ দিতে না পারলে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, নিহত সুরেশ দাশ স্থানীয় বড় কুমিরা শিপ ইয়ার্ডের নৈশপ্রহরী ছিলেন। পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। 

২০০৯ সালের ১ সেপ্টেম্বর বেলা ২টার দিকে সুরেশ দাশ নিজ বাড়ির অদূরে আসামি সুব্রত দাশের পরিবারের মালিকানাধীন খালি জায়গায় প্রস্রাব করলে সুব্রতর মা ববিতা দাশ তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে সুরেশ চলে যাওয়ার সময় রাস্তায় ববিতা তাকে লাঠি দিয়ে আঘাত করেন এবং ছেলে সুব্রতকে ডেকে আনেন। 

সুব্রত একটি ছুরি নিয়ে এসে সুরেশের পেটে আঘাত করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৯ সেপ্টেম্বর মারা যান তিনি। 

এ ঘটনায় সুরেশের স্ত্রী কৃষ্ণা দাশ বাদী হয়ে মামলা করেন। 

মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে শনিবার আদালত দুই আসামিকে সাজা দিয়ে এই রায় দিল।